বরিশালে ধর্মীয় অনুভূতিতে আঘাতের মামলায় ৮ বছরের কারাদণ্ড
বরিশাল ব্যুরো ॥ ফেসবুক হ্যাক করে ধর্মীয় অনুভূতিতে আঘাত ও আইনশৃঙ্খলার অবনতি ঘটানোর মামলায় যুবক বাপন দাসকে ৮ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে বরিশাল সাইবার ট্রাইব্যুনাল।
ভোলার বোরহানউদ্দিনে ফেসবুক হ্যাক করে ধর্মীয় অনুভূতিতে আঘাত ও আইনশৃঙ্খলার অবনতি ঘটানোর অভিযোগে করা মামলায় এক যুবককে ৮ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।
বরিশাল সাইবার ট্রইব্যুনাল রোববার (২৪ এপ্রিল) দুপুর ১২টার দিকে বাপন দাস নামের ওই যুবককে এ সাজা দেয়। ট্রাইব্যুনালের বিচারক এবং জেলা ও দায়রা জজ গোলাম ফারুক এ রায় ঘোষণা করেন।
তথ্য নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী ইসতাক আহমেদ রুবেল বলেন, বাপন দাসকে ৩টি ধারায় কারাদণ্ড দেয়া হয়েছে। সবগুলো ধারার সাজা চলবে একই সঙ্গে। ৩৪ ধারায় ৮ বছরের সশ্রম কারাদণ্ড ও ৩ লাখ টাকা জরিমানা আরও অনাদায়ে ২ বছরের কারাদণ্ড, ২৮/১ ধারায় ২ বছরের কারাদণ্ড ও ১ লাখ টাকা জরিমানা অনাদায়ে ৬ মাসের কারাদণ্ড এবং ৩১/১ ধারায় ৪ বছরের সশ্রম কারাদণ্ড ও ১ লাখ টাকা জরিমানা ও অনাদায়ে ৬ মাসের সাজা দেয়া হয়েছে।
আদালত থেকে জানা যায়, ২০১৯ সালের ১৮ অক্টোবর সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে মহানবী হযরত মুহাম্মদ (সঃ) এর নামে কটুক্তি করার অভিযোগ উঠে। ভোলার বোরহানউদ্দনে বিপ্লব চন্দ্র শুভ নামে এক ব্যক্তির ফেসবুক আইডি থেকে ধর্মীয় অনুভূতিতে আঘাত করে এমন পোস্ট করা হয় বলে জানা যায়।
বিপ্লব চন্দ্র ওই দিনই তার ফেসবুক আইডি হ্যাক হয়েছে বলে বোরহানউদ্দিন থানায় একটি জিডি করেন। তবে এ ঘটনায় দুইদিন পর ২০ অক্টোবর এ ঘটনার প্রতিবাদে বোরহানউদ্দিন ঈদগাহ মাঠে বিক্ষোভ করেন স্থানীয়রা। সে সময় পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ হয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ গুলি করলে ৪ জন নিহত হন। ওই ঘটনায় বোরহানউদ্দিন থানায় আরও দুটি পৃথক মামলা হয়। যা এখনো আদালতে বিচারাধীন।
ঘটনার তদন্তে পুলিশ বিপ্লব চন্দ্রসহ মো. ইমন ও মো. রাফসান নামে ৩ জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। তবে তাদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের ছেড়ে দেয়া হয়।
পরে তথ্য প্রযুক্তির সহায়তায় ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে হ্যাকার বাপন দাসকে ২০২০ সালের ২৬ জানুয়ারি গ্রেপ্তার করা হয়। তিনি ১৬৪ ধারায় জবাববন্দিও দেন। আদালতে তার বিরুদ্ধে ২০২১ সালের পহেলা আগস্ট অভিযোগপত্র দেয়া হয়। ইসতাক আহমেদ বলেন, ‘এসব মামলার রায় আজ ঘোষণা করা হয়েছে।’
স/এষ্

