প্রধানমন্ত্রীর রংপুর সফরকে ইতিবাচক হিসাবে দেখছেন তিস্তাপাড়ের মানুষ
লাভলু শেখ লালমনিরহাট থেকে।। দীর্ঘ ৫ বছর পর রংপুরে আসছেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী ২ আগস্ট রংপুর জিলা স্কুল মাঠে আওয়ামীলীগ আয়োজিত জনসভায় তিনি প্রধান অতিথি হিসেবে ভাষণ দেবেন।
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে প্রধানমন্ত্রীর রংপুর সফরকে ইতিবাচক হিসেবে দেখছেন সাধারণ মানুষ। বিশেষ করে লালমনিরহাটের তিস্তা নদী পাড়ের সাধারণ মানুষজন। তাদের আশা- আঙ্কাংক্ষা প্রধানমন্ত্রী রংপুরের জনসভায় দীর্ঘদিনের বহুল আকাঙ্খিত তিস্তা মহা-পরিকল্পনা বাস্তবায়ন নিয়ে সু-খবর দিবেন এমনটাই দাবী করছেন বানভাসি মানুষগুলো।
ভারতের কাছে তিস্তার পানির ন্যায্য হিস্যা না পাওয়ায় তিস্তা নদী এখন উত্তরের মানুষের দুঃখের কারন হয়ে দাঁড়িয়েছে। প্রতিবছর বন্যা ও খরায় নদীপাড়ের মানুষের দীর্ঘশ্বাস দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে।
তিস্তা নদীর ২পাড়ের লাখ লাখ মানুষের দুঃখ-দুর্দশা লাঘব করতে পারে একমাত্র ওই তিস্তা মহা- পরিকল্পনা। ওই পরিকল্পনা বাস্তবায়ন চায় নদী এলাকার ২-কুলের বসবাস করা মানুষ।
ওই পরিকল্পনা বাস্তবায়ন করা হলে তিস্তা পাড়ের মানুষের পানির জন্য আশায় থাকতে হবে না।
লালমনিরহাট সদর উপজেলার তিস্তা পাড়ের খুনিয়াগাছ এলাকার প্রবীন শিক্ষক ও ইউনিয়ন আ’লীগের সদস্য আতিয়ার রহমান জানান, ২০১৮ সালে জাতীয় নির্বাচনের আগে প্রধানমন্ত্রী ও আ’লীগের সভাপতি রংপুরের তারাগঞ্জ ও পীরগঞ্জ উপজেলায় ২’টি জনসভায় যোগ দিয়েছিলেন।
প্রায় ৫বছর পর তিনি আবারও রংপুরে আসছেন। নির্বাচনের আগে প্রধানমন্ত্রী তিস্তা নদী নিয়ে আমাদের সু-খবর দেবেন এটিই প্রত্যাশা করি।
লালমনিরহাট সদর উপজেলার রাজপুর ইউনিয়নের চেয়ারম্যান মোফাজ্জল হোসেন মোফা জানান, বর্ষা-খরা ২ মৌসুমেই চরম দুর্ভোগের সঙ্গে লড়াই করে বাঁচতে হয় তিস্তা নদীর ২কুলের মানুষদের। প্রধানমন্ত্রী ও আ’লীগের সভাপতি রংপুর আগমনের খবরে আমরা আশায় বুক বেঁধেছি। এবার হয়তো বঙ্গবন্ধুর কন্যা তিস্তা সমস্যা সমাধানের ঘোষণা দেবেন।
রংপুরের তিস্তা বাঁচাও, নদী বাঁচাও সংগ্রাম পরিষদের সভাপতি অধ্যক্ষ নজরুল ইসলাম হক্কানী জানান, ভারত আন্তর্জাতিক নদী আইন লঙ্ঘন করে একতরফা ভাবে তিস্তা সহ আরও অভিন্ন ৫৪ নদীর পানি প্রত্যাহার করছে।
ভারত তিস্তার উজানে গজলডোবায় বাঁধ দিয়ে পানি প্রত্যাহার করছে। নদী সংগ্রাম পরিষদের নেতারা সহ তিস্তাপাড়ের মানুষ আশা করছেন প্রধানমন্ত্রী এবারে রংপুরের জনসভায় তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের ঘোষণা দিবেন।
লালমনিরহাট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মোরল হুমায়ুন কবির জানান,প্রধানমন্ত্রী ও আওয়ামিলীগের সভাপতি’র রংপুর সফর আশা করি ২/৩ জেলার মানুষের জন্য ফলপ্রসূ হবে। দীর্ঘদিনের স্বপ্নের তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন ঘোষণা পূর্বক উদ্যোগটি গ্রহণ করবেন।
স/এষ্

