নেত্রকোনা জেলা সদরে সয়াবিন তেলের তীব্র সংকট
পিয়াস আহমদ, নেত্রকোনা জেলা প্রতিনিধি : হঠাৎ সয়াবিন তেলের মূল্য বৃদ্ধি পাওয়ায় নেত্রকোনা জেলা সদরে সয়াবিন তেলের তীব্র সংকট দেখা দিয়েছে।
নেত্রকোনা জেলার ১১ মে বুধবার শহরের কুরপাড়, মেছুয়া বাজার, ছোট বাজার, তেরী বাজার, সাতপাইসহ শহরের বিভিন্ন এলাকায় ঘুরে দেখা যায়, কোন দোকানেই সয়াবিন তেল নেই।
কুরপাড় এলাকার মুদি দোকানদার মজিবুর রহমানের সঙ্গে কথা বলে জানা যায়, বিভিন্ন কোম্পানি তাকে ঈদের আগে সয়াবিন তেল সরবরাহ করেছিলো। এখন হঠাৎ করে সয়াবিন তেলের দাম ২ শত টাকা লিটার হওয়ার কারণে কোন কোম্পানিই তাকে সয়াবিন তেল সরবরাহ করে নাই। তার দোকানে ১ লিটার সয়াবিন তেল নাই।
ক্রেতারা দোকানে এসে ফিরে যাচ্ছে। তিনি আরও জানায়, তার বাসায় ব্যবহার করার মতো তেল না থাকায় তার স্ত্রী আজ শহরের মেছুয়া বাজারে বিভিন্ন দোকান ঘুরে ১ লিটার সয়াবিন তেল কিনতে পারে নি।
সাতপাই এলাকার বাসিন্দা রাকিবুল ইসলাম কামরুল চমক নিউজকে জানান, তার ঘরে তেল না থাকায় বিভিন্ন দোকানে গিয়ে তেল না পাওয়ায় সয়াবিন তেল কিনতে পারেন নাই।
বিভিন্ন কোম্পানির ডিপো/ডিলারের সাথে কথা বলে জানা যায়, ঈদুল ফিতরের পর থেকে কোম্পানি তাদেরকে সয়াবিন তেল দিচ্ছে না। যার কারণে তারা সয়াবিন তেল সরবরাহ করতে পারছেন না।
নেত্রকোনা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র সভাপতি আলহাজ্ব মোঃ আব্দুল ওয়াহেদ চমক নিউজকে জানান, বিষয়টি তিনি অবগত হয়েছেন। দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সাথে কথা বলেছেন এবং আগামীকাল জেলা প্রশাসক মহোদয়ের সঙ্গে সাক্ষাৎ করে এবিষয়ে কথা বলবেন।
নেত্রকোনা জেলার ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ শাহ্ আলম জানান, হঠাৎ সয়াবিন তেলের দাম বৃদ্ধি পাওয়ায় কিছু অসাধু ব্যবসায়ী অধিক মুনাফার আশায় সিন্ডিকেট তৈরী করেছেন। জেলার বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হচ্ছে। আজ মোহনগঞ্জে এক ব্যবসায়ীকে ৭০ হাজার টাকা জরিমানা করেছেন। অভিযান অব্যাহত আছে। আগামীকাল জেলা সদরের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করবেন।
স/এষ্

