নেত্রকোনায় মগড়া নদীতে ভেসে আসা অজ্ঞাত নামা মহিলার মাথাবিহীন পঁচা গলিত লাশ উদ্ধার
পিয়াস আহমদ, নেত্রকোনা জেলা প্রতিনিধিঃ
বৃহস্পতিবার ২৬ মে বিকাল সাড়ে ৪ টার দিকে সদর উপজেলার ৫নং আমতলা ইউনিয়নের শিবপ্রসাদপুর গ্রামে মগড়া নদীর পূর্ব তীরে অজ্ঞাত নামা ৩০-৩৫ বছর বয়সী এক মহিলার পঁচা গলিত ভেসে আসা লাশ উদ্ধার করেছে সদর থানার পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকল সাড়ে ৪ টার দিকে মগড়া নদীতে একটি লাশ ভেসে দেখে স্থানীয় লোকজন থানা পুলিশকে সংবাদ দেয়। সংবাদ পেয়ে এসআই আশরাফুজ্জামান সঙ্গীয় ফোর্সদের নিয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছেন। অতঃপর মডেল থানার অফিসার ইনচার্জ খন্দকার শাকের আহমেদ এবং অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ ফখরুজ্জামান জুয়েল পিপিএম সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। হাসপাতালের ডোমের মাধ্যমে পঁচা গলিত লাশটি মগড়া নদীর পূর্ব তীর থেকে ডাঙায় উঠিয়ে সূরতহাল রিপোর্ট তৈরী করেন এসআই আশরাফুজ্জান।
অতিরিক্ত পুলিশ সুপার বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অজ্ঞাতনামা মহিলার পঁচা গলিত লাশটি অনুমান ৮-১০ দিন পূর্বের হতে পারে। জেলার আটপাড়া বা মদন উপজেলায় অপরাধীরা ঘটনা ঘটাইতে পারে। লাশ শনাক্তসহ মামলার মূল রহস্য উদঘাটনের জন্য জেলা পুলিশ মডেল থানার একাধিক টিম, গোয়েন্দা শাখা ও পিবিআই ইতিমধ্যে মাঠে কাজ করছে। মৃতার লাশ সূরতহাল শেষে ময়না তদন্তের জন্য আধুনিক সদর হাসপাতাল, নেত্রকোনায় প্রেরণ করা হয়েছে।
ওসি খন্দকার শাকের আহমেদ জানান, লাশ শনাক্তের সর্বোচ্চ চেষ্টা চলছে। মামলা দায়েরের প্রস্তুতি চলমান রয়েছে।

