তামিমকে ছাড়াই বিশ্বকাপে যাচ্ছে বাংলাদেশ
রাহুল রাজ ।। আবারও ব্যাটিং ধসের দিন গতকাল প্রথম ইনিংস শেষেই টাইগার ভক্তরা বুঝে গিয়েছিলো শেষ ম্যাচেও জয় অধরা থাকছে। তাই ম্যাচের ফলাফলের দিকে কৌতুহল না থাকলেও ম্যাচ শেষে বিশ্বকাপের একাদশ ঘোষনা শোনার জন্য ব্যাকুল আকর্ষণ ছিলো সবার। কয়েক দফা সময় পরিবর্তন করে বিসিবির পক্ষ থেকে জানানো হয়, বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের মধ্যকার শেষ ম্যাচের পরেই জানানো হবে বিশ্বকাপের বিমানে উঠতে যাচ্ছেন কারা।
সোমবার গভীর রাতে তামিম-সাকিব দ্বন্দ্বের কথা আগেই জেনে গিয়েছিলো গোটা ক্রিকেট প্রেমীরা। তামিম বিশ্বকাপে খেলছেন না সাকিব অধিনায়কত্ব ছাড়ার হুমকিসহ নানা উড়ো কথায় বিশ্বকাপের দল ঘোষণা রূপ নেয় চমর নাটকীয়তায়। অবশেষে নিউজিল্যান্ডের কাছে ২০০৮ সালের পর ঘরের মাটিতে সিরিজ হারার পরে বিশ্বকাপর দল প্রকাশ করে বিসিবি। সাকিবকে অধিনায়ক রেখে ঘোষিত দলে রয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদও। তবে গুঞ্জণ সত্যি করে বাদ দেওয়া হয় তামিম ইকবালকে। পুরোপুরি ফিট না হওয়ায় দলে রাখা হয়নি দেশসেরা এই ওপেনারকে। গতকাল রাত সোয়া ৮টায় ১৫ সদস্যের এই স্কোয়াড ঘোষণা করা হয়।
একইসঙ্গে উন্মোচন করা হয় টাইগারদের বিশ্বকাপ জার্সি। আগামী ৫ অক্টোবর ভারতের মাটিতে শুরু হচ্ছে বিশ্বক্রিকেটের মর্যাদাপূর্ণ এই আসর। বিশ্বকাপের জন্য দল ঘোষণার শেষ সময় ছিলো আজ। অন্য দেশগুলো আগেই তাদের দল ঘোষণা করে ইতোমধ্যে তাতে কিছু পরিবর্তনও এনেছে। বিপরীতে শেষ মুহূর্তে এসে ঘোষণা করা হয়েছে বাংলাদেশ একাদশ। এদিন নিজেদের অফিসিয়াল ফেসবুক পোস্টে একটি ভিডিও পোস্ট করে বিশ্বকাপের দল দিয়েছে বিসিবি। বিশ্বকাপের দলে আরও আছেন তরুণ ক্রিকেটার তানজিদ হাসান তামিম ও তানজিম হাসান সাকিব। এদিক, নিউজিল্যান্ডের সঙ্গে বাংলাদেশের প্রথম ম্যাচ ভেসে গেছে বৃষ্টিতে।
দ্বিতীয় ওয়ানডেতে ব্যাটিং ব্যর্থতায় বড় পরাজয়ের পর টাইগাররা সিরিজে ১-০ তে পিছিয়ে পড়ে। এরপর সিরিজে অধিনায়কত্ব পাওয়া লিটন দাস বিশ্রাম চান বিসিবির কাছে। তার সেই আবেদনে সাড়া দিয়ে তৃতীয় ওয়ানডেতে নাজমুল হোসেন শান্তকে নেতৃত্বে রেখেই মাঠে নামেন স্বাগতিক ক্রিকেটাররা। অধিনায়ক হিসেবে অভিষেক ম্যাচেই শান্ত একটি রেকর্ড গড়েন। সিরিজ বাঁঁচানোর লক্ষ্যে টসে জিতে আগে ব্যাটিংয়ে নামা শান্ত’র দল মাত্র ১৭১ রানেই গুটিয়ে যায়। তখনও হাতে ছিল ১৫.৩ ওভার। বাস্তবতা হচ্ছে এক নাজমুল শান্ত ছাড়া কেউই বাংলাদেশের পক্ষে আস্থার জায়গা করে নিতে পারেননি। শান্ত’র ৭৬ রানের পর দ্বিতীয় সর্বোচ্চ ২১ রান করেছেন মাহমুদউল্লাহ রিয়াদ।
এছাড়া একই ফিগার ১৮ রান উঠেছে মুশফিকুর রহিম ও তাওহীদ হৃদয়ের নামের পাশে। কিউইদের বিপক্ষে ২৭তম ওভারে চার হাঁকানোর পর শান্তর রান গিয়ে ঠেকে ৭১-এ। আর তাতেই ভেঙে গেছে ২৫ বছর ধরে টিকে থাকা এক রেকর্ড। ওয়ানডে দলের নেতৃত্বের অভিষেকে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ব্যক্তিগত সংগ্রহের মালিক এখন শান্ত। এতদিন পর্যন্ত ৭০ রান নিয়ে এই কীর্তি ছিল আমিনুল ইসলাম বুলবুলের।
১৯৯৮ সালের মার্চে তিনি ভারতের বিপক্ষে ৭০ রান করেছিলেন। ম্যাচটি ছিল অধিনায়ক হিসেবে বুলবুলের ওডিআই অভিষেক। এরপর টাইগার নেতৃত্বে আরও অনেকেই আসলেও অভিষেকে বুলবুলের রান পার করতে পারেননি কেউ। ১৭২ রানের লক্ষ্যে খেলতে নেমে ৯১ বল বাকি থাকতেই ৩ উইকেট হারিয়ে জয় তুলে নেয় অতিথিরা। শরিফুল ইসলাম ২ টি ও নাসুম ১ টি উইকেট নিতে স্বক্ষম হন।
এবার শুরু হবে বিশ্বকাপ মিশন। বাংলাদেশর দলের বর্তমান ফর্ম, আত্মবিশ্বাস ও দল গঠনের দঁড়ি টানাটানিতে বিশ্বকাপে ফলাফলে প্রভাব পড়বে সেটা চোখ বুজেও যে কেউ বলে দিতে পারবে। পরিশেষে বিসিবির শান্তনা থাকবে, প্রতিযোগীতায় জয় নয়, অংশগ্রহনই বড় কথা।
বাংলাদেশের বিশ্বকাপ দল
সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম, লিটন দাস, নাজমুল হোসেন (সহ অধিনায়ক), তাওহিদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, শরীফুল ইসলাম, নাসুম আহমেদ, মেহেদী হাসান, তানজিদ হাসান, তানজিম হাসান ও মাহমুদউল্লাহ।
স/এষ্

