টঙ্গীতে গাঁজাসহ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার
টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের টঙ্গীতে গত শনিবার রাতে দত্তপাড়া এলাকা থেকে ৫৪ কেজি গাঁজাসহ রনি (২০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। তাদের রবিবার জেল হাজতে পাঠানো হয়েছে। রবিবার দুপুরে র্যাব-১ এর সহকারী পরিচালক (মিডিয়া অফিসার) নোমান আহমদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়। গ্রেফতারকৃত রনি চাঁদপুর জেলার কুদ্দুস আলীর ছেলে। সে দত্তপাড়া এলাকায় মৃত খলিলুর রহমানের বাড়ির ভাড়া বাসায় থেকে মাদক ব্যবসা পরিচালনা করতো।
র্যাব প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, কতিপয় মাদক ব্যবসায়ী দত্তপাড়া কসিম উদ্দিন রোডে অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে ওই এলাকায় একটি অভিযান পরিচালনা করে রনিকে গ্রেফতার করে র্যাব। পরে তার হেফাজতে থাকা ৫৪ কেজি গাঁজা ও ২ টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। র্যাবের উপস্থিতি টের পেয়ে তার সহযোগিরা পালিয়ে যায়।
ধৃত রনি র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়, সে দীর্ঘদিন যাবৎ গোপনে দেশের বিভিন্ন এলাকা থেকে অবৈধ মাদকদ্রব্য গাঁজা এনে টঙ্গী ও গাজীপুরসহ রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ক্রয় বিক্রয় করে আসছে।
গ্রেফতারকৃতকে টঙ্গী পূর্ব থানা পুলিশে সোপর্দ করা হলে তার বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের শেষে রোববার আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।
স/এষ্

