টঙ্গীতে অস্বাস্থ্যকর পরিবেশে শিশুখাদ্য তৈরি
টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের টঙ্গীতে শিশুখাদ্য অবৈধভাবে উৎপাদন, প্রক্রিয়াকরণ, বাজারজাত করাসহ বিভিন্ন অপরাধে ইয়াম্মী ফুড অ্যান্ড বেভারেজ নামের একটি খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানকে সাড়ে তিন লাখ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
গতকাল বুধবার দুপুরে টঙ্গীর বড় দেওড়া এলাকায় জাতীয় ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল জব্বার মন্ডলের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
সহকারী পরিচালক আব্দুল জব্বার মন্ডল জানান, টঙ্গীর বড়দেওড়া এলাকায় দীর্ঘদিন যাবৎ ইয়াম্মী ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডে অবৈধভাবে চিপস, জুসসহ ১১-১২ রকমের শিশুখাদ্য তৈরি করা হচ্ছিল।
তিনি আরো জানান, কারখানা কর্তৃপক্ষ বিএসটিআইয়ের কোনো লাইসেন্স দেখাতে পারেনি, নিজস্ব কোনো ল্যাবরেটরি তাদের নেই, টেক্সটাইল কালার ব্যবহার ছাড়াও চরম অস্বাস্থ্যকর পরিবেশে ময়লা-আবর্জনার মাঝে শিশুখাদ্য উৎপাদন, সংরক্ষণ, প্রক্রিয়াজাতকরণ করা হচ্ছে এবং ওজনে কম দেওয়া হচ্ছে।
এসব অপরাধে এ প্রতিষ্ঠানকে ৩ লাখ ৫০ হাজার টাকা জরিমানা এবং জনস্বার্থে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সাময়িকভাবে প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত দেওয়া হয়েছে।
স/এষ্

