জোড়া তালির দলে প্রত্যাশা বড়
ক্রীড়া প্রতিবেদক : সদ্য ঘোষণা করা হয়েছে এশিয়া কাপের বাংলাদেশ দল। বিতর্কিত হয়েও অধিনায়কত্ব পেয়েছেন সাকিব আল হাসান। তিন বছর পর দলে ফেরানো হয়েছে সাব্বির রহমানকে। তবে সমস্যা হয়েছে ওপেনার নির্বাচন নিয়ে। মাত্র দুজন স্বীকৃত ওপেনার নিয়ে এশিয়া কাপে যাচ্ছে বাংলাদেশ। যাদের মাঝে একজন মাত্র একটি ম্যাচ খেলেছেন। এশিয়া কাপের জন্য বাংলাদেশ দলে স্বীকৃত ওপেনার হিসেবে আছেন এনামুল হক বিজয় এবং পারভেজ হোসেন ইমন।
এর মাঝে এনামুল সদ্যই উইন্ডিজ সিরিজ দিয়ে জাতীয় দলে ফিরেছেন। ওয়ানডেতে ভালো করলেও টি-টোয়ন্টিতে ছিলেন ব্যর্থ। আর ২০ বছর বয়সী পারভেজ হোসেন ইমন জিম্বাবুয়ের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে অভিষিক্ত হন। ৬ বলে করেন ২ রান। এই তরুণকে এত বড় একটা টুর্নামেন্টে ইনিংস শুরুর দায়িত্ব দেওয়া হবে।
দেশের সেরা ওপেনার তামিম ইকবাল টি-টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন। বর্তমান সময়ে দলের সবচেয়ে নির্ভরযোগ্য পারফর্মার ওপেনার লিটন দাসও ইনজুরিতে। গুঞ্জন থাকলেও শেষপর্যন্ত এশিয়া কাপের দলে জায়গা হয়নি সৌম্য সরকারের। মাত্র দুজন ওপেনার নিয়েই জোড়াতালি দিয়ে দল সাজিয়েছেন নির্বাচকেরা। যে দল যাচ্ছে এশিয়া কাপে, তাতে সাকিব আল হাসান- মেহেদি মিরাজ কিংবা সাব্বিরকেও ওপেনিংয়ে দেখা যেতে পারে। তবে সে ক্ষেত্রে জয় নয় প্রতিযোগতীতায় অংশগ্রহণই বড় কথা হবে বাংলাদেশের জন্য।
স/এষ্

