জনশুমারি ও গৃহগণনা ২০২২ উপলক্ষে প্রশিক্ষণ শেষে গণনাকারীরা ট্যাব পেল
পিয়াস আহমদ, নেত্রকোনা জেলা প্রতিনিধি : প্রথমবারের মতো দেশে ডিজিটাল জনশুমারি ও গৃহগণনা ২০২২ (জুন ১৫ -২১) উপলক্ষে নেত্রকোনা সদর উপজেলা জোন- ০৬ এর (লক্ষীগঞ্জ ইউপি) সুপারভাইজার ও গণনাকারীদের ০৪ দিন ব্যাপি প্রশিক্ষণ শেষে মঙ্গলবার বিকালে লক্ষীগঞ্জ উচ্চ বিদ্যালয়ে সকল গণনাকারীদের ট্যাব প্রদান করা হয়েছে।
একইসাথে সকল সুপারভাইজার ও গণনাকারীদের প্রশিক্ষণ ভাতাসহ এপ্রোন, মার্কার ও স্টিকার প্রদান করা হয়েছে। প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন, জোনাল অফিসার হেনা আক্তার ও আইটি সুপারভাইজার নাসরিন নাহার তিথি।
জনশুমারি ও গৃহগণনা বাংলাদেশসহ বিশ্বের প্রায় সকল দেশে পরিচালিত সবচেয়ে গুরুত্বপূর্ণ ও ব্যাপকভিত্তিক পরিসংখ্যান কার্যক্রম। ৬ষ্ঠ জনশুমারি ও গৃহগণনা ২০২২-এ একজন ব্যক্তিকে একাধিক স্থানে এন্ট্রি করা হবে না। সঠিক তথ্য দেওয়া প্রত্যেক নাগরিকের দায়িত্ব।
সারাদেশে এই প্রথমবার ডিজিটাল (ট্যাবের মাধ্যমে) জনশুমারি ও গৃহগণনার তথ্য সংগ্রহ করা হবে। আগামী ১৪ জুন দিবাগত রাত ১২ টা থেকে ১৫ জুন ভোর ০৬ টা পর্যন্ত সময়কে ‘শুমারি রাত’ হিসেবে গণ্য করা হবে। জুন ১৫-২১ পর্যন্ত শুমারিকাল হিসেবে গণ্য করা হবে এবং শুমারি সপ্তাহ হিসেবে পালন করা হবে।
উল্লেখ্য যে, জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশে সর্বপ্রথম ১৯৭৪ সালে আদমশুমারি আনুষ্ঠানিক উদ্বোধনকালে বলেছিলেন ‘যথাযথ উন্নয়নের জন্য নির্ভুল পরিসংখ্যান চাই’। এবার সরকার নির্ভুল পরিসংখ্যান বাস্তবায়নের জন্য ডিজিটাল পদ্ধতি হাতে নিয়েছে।
স/এষ্

