মতিউর রহমানঃ রাজধানী ঢাকার সরকারি তিতুমীর কলেজে জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রামাণ্যচিত্র এবং বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৮ আগস্ট) সকাল ১০টা থেকে শুরু করে বিকেল ৪টা পর্যন্ত চারটা পর্যন্ত ২০০টি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) জিএস গোলাম রাব্বানী। এছাড়াও উপস্থিত ছিলেন ডাকসুর অন্যান্য নেতৃবৃন্দ, তিতুমীর কলেজ ছাত্রলীগ, শিক্ষকমণ্ডলী, বনানী থানা ছাত্রলীগ এবং গুলশান থানা ছাত্রলীগের সদস্যবৃন্দ।
আলোচনা শেষে তিতুমীর কলেজের “শেখ রাসেল পুষ্প কানন” উদ্বোধন করেন গোলাম রাব্বানী।
এ সময় তিতুমীর কলেজ অধ্যক্ষ মো. আশরাফ হোসেন তার বক্তব্যে বলেন, ‘শোকাবহ আগস্টে তিতুমীর কলেজ ছাত্রলীগের উদ্যোগে বঙ্গবন্ধুর স্মরণে প্রামাণ্যচিত্র এবং বৃক্ষরোপণের এমন আয়োজনে অভিভূত হয়েছি।’
বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) জিএস গোলাম রাব্বানী বলেন, ‘আমার একটি স্বপ্ন ছিলো বাংলাদেশ ছাত্রলীগ এমন সংগঠন হবে যেটা নিয়ে আমি গর্ব করবো, আমার বাবা-মা গর্ব করবে। অভিভাবকরা যখন দেখবে ক্যাম্পাসে একটি ফুলের বাগান যেটার বিনির্মাণে থাকবে ছাত্রলীগ তখন বাবা মায়ের সামনে গর্ববোধ করে বলতে পারবো আমি গর্বিত ছাত্রলীগ কর্মী। যেটা আমরা এখন অনুভব করি।’
ধমক ও পেশি শক্তি দেখিয়ে সাধারণ শিক্ষার্থীদের নাজেহাল না করারও আহবান জানিয়েছেন গোলাম রাব্বানী। তিনি বলেন, ‘যদি কারও বিরুদ্ধে ক্ষমতা দেখিয়ে সাধারণ শিক্ষার্থীদের হেনস্তা করার অভিযোগ পাওয়া যায় তাহলে তাকে ছাত্রলীগ থেকে বহিষ্কার করা হবে। ভালোবাসা ও ভালো ব্যবহার দিয়ে মানুষের মন জয় করতে হবে। কর্মের আদর্শে বুঝাতে হবে আমরা মুজিব আদর্শের সৈনিক। যে ক্ষমতা দেখিয়ে রাজনীতি করে সে কখনো মুজিব আদর্শের সৈনিক হতে পারে না।’
পরে তিনি তার ফেসবুক পেজে এক বিবৃতিতে বলেন, সারাদেশের প্রায় সকল শিক্ষা প্রতিষ্ঠানে বাংলাদেশ ছাত্রলীগের ভালোবাসার একাধিপত্য রয়েছে। সে ভালোবাসায় একটা নতুন মাত্রা যোগ হয়ে যাক, হোক ছাত্রলীগের আরেকটু পজেটিভ ব্রান্ডিং।
ছাত্রলীগের উদ্যোগে প্রতিটি শিক্ষাঙ্গনে, প্রতিটি ক্যাম্পাসে প্রতিষ্ঠানের আয়াতন অনুপাতে ফুল-ফল-ঔষধি গাছের বাগান হোক। ভাবুন, নতুন বর্ষের শিক্ষার্থীরা অভিভাবকসহ ক্যাম্পাসে ঢুকেই দেখলো একটি চমৎকার দৃষ্টিনন্দন বাগান, সাইনবোর্ডে জ্বলজ্বল করছে সৌজন্যে, বাংলাদেশ ছাত্রলীগ। শিক্ষার্থী-অভিভাবক প্রথমদিনেই ছাত্রলীগ সম্পর্কে একটা ইতিবাচক ধারণা পেলো।
পরীক্ষামূলকভাবে সরকারি তিতুমীর কলেজ শাখা ছাত্রলীগকে বলেছিলাম, এমন একটা বাগান করতে। ওরা চেষ্টা করেছে, শুরুটা হলো, সময়ের পরিক্রমায় আরো সমৃদ্ধ ও সম্প্রসারিত হবে ছাত্রলীগের এই ইতিবাচক উদ্যোগ।
সকল ইউনিটের প্রতি উদাত্ত আহবান থাকবে, নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানে এমন উদ্যোগ নেয়ার জন্য। ছাত্রলীগের প্রতি বিমাতৃসুলভ আচরণ করা মিডিয়াও শিরোনাম করতে বাধ্য হবে, ‘ফুলে-ফলে ক্যাম্পাস সাজিয়েছে ছাত্রলীগ!’ সকল সত্য ও সুন্দরের সাথে থাকুক ছাত্রলীগের সম্পৃক্ততা।
অনুষ্ঠানে কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক জুয়েল মোড়লের পরিচালনা ও সভাপতি মো. রিপন মিয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন- তিতুমীর কলেজ অধ্যক্ষ অধ্যাপক মো. আশরাফ হোসেন, উপাধ্যক্ষ ড. মোসা. আবেদা সুলতানা, কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি আমাজাদ হোসেন, সাধারণ সম্পাদক মানিক হোসেনসহ কলেজ ছাত্রলীগের সাবেক নেতারা।

