ঢাকাশুক্রবার , ২২ মার্চ ২০২৪
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

গৌরীপুরে সিধলং বিল নিয়ে চক্রান্তের অভিযোগ

চমক নিউজ, বেনাপোল অফিস
মার্চ ২২, ২০২৪ ৪:০০ অপরাহ্ণ
Link Copied!

গৌরীপুরে সিধলং বিল নিয়ে চক্রান্তের অভিযোগ

 ময়মনসিংহ বিভাগীয় প্রধান শেখ বিপ্লব- ময়মনসিংহের গৌরীপুর উপজেলার সিধলা ইউনিয়নের সিধলং বিলে হঠাৎ চলে আসে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের দৈত্যকার তিনটি খনন যন্ত্র। একপর্যায়ে তাঁরা শুরু করেন খনন কাজ। এতে অবাক হয়ে যান এলাকাবাসী ও বিলের ইজারা পাওয়া সিধলা একতা মৎস্যজীবী সমবায় সমিতির সদস্যরা।

যাঁরা খনন করছেন তারা বলছেন, তাদের কাগজপত্রে এটা নেত্রকোণা জেলার পূর্বধলা উপজেলার সিদাল বিল।
অথচ যুগ যুগ ধরে এ বিল ইজারা দিয়ে আসছে ময়মনসিংহ জেলা প্রশাসন। প্রতি তিন বছর পর পর গৌরীপুর উপজেলা প্রশাসনের মাধ্যমে বিলটি ইজারা দেয়া হয়ে থাকে।

সিধলা একতা মৎস্যজীবী সমবায় সমিতির সভাপতি মোঃ আল আমিন জানান- বাংলা ১৪২৯ থেকে ১৪৩১ সাল পর্যন্ত বাৎসরিক দুই লাখ বারো হাজার পাঁচশত টাকা (ভ্যাট ও আয়করসহ) চুক্তি মূল্যে তিন বছরের জন্য তাঁরা বিলটি ইজারা নিয়েছেন। যা ২০২২ সালের ৮ নভেম্বর ময়মনসিংহ রিভিনিউ ডেপুটি কালেক্টর মোঃ মোস্তাফিজুর রহমান স্বাক্ষরিত। ইতিমধ্যে তিনধাপে তাঁরা সমস্ত টাকা পরিশোধও করেছেন।

তিনি আরও বলেন, গত সপ্তাহে হঠাৎ তিনটি খনন যন্ত্র বিলে এসে খনন শুরু করে। শুধু তাই নয় বিলের কয়েকশত একর জমিতে লাগানো বোরো ধানের চারাগাছ ঠিকাদারের নির্দেশে পার্শ্ববর্তী পূর্বধলা উপজেলার গোয়ালাকান্দা ইউনিয়নের লোকজন এসে কেটে নিয়ে গেছে। সমিতিকে এ বিষয়ে কিছুই জানানো হয়নি। পরে গৌরীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) বিষয়টি জানালে তিনি মোবাইলে খনন বন্ধ করার নির্দেশ দেন।

ঠিকাদারি প্রতিষ্ঠান ফাস্ট এফ এফ এন্টারপ্রাইজ লিমিটেড ও মেসার্স ইব্রাহিম ট্রেডার্স এর প্রতিনিধি মোঃ সাইফুল ইসলাম জানান- তাদের ম্যাপ অনুযায়ী বিলটি নেত্রকোণা জেলার পূর্বধলা উপজেলার অন্তর্গত। নেত্রকোণা পানি উন্নয়ন বোর্ডের তত্বাবধানে তাঁরা বিলটি খনন কাজের ঠিকাদারি পেয়েছেন এবং সেমতে খনন কাজ শুরু করেছিলেন। ধানের চারাগাছ কাটার বিষয়ে তিনি বলেন- বিলের খাস জমিতে স্থানীয়রা ধান লাগিয়েছেন, এখন সরকারের প্রয়োজনে তা কেটে ফেলা হয়েছে। এনিয়ে অভিযোগ তোলার সুযোগ নেই।

স্থানীয় কৃষক গিয়াস উদ্দিন (৭০) বলেন- বিলের ১৬০ শতক জমিতে তিনি বোরো ধান লাগিয়েছিলেন। খনন শুরুর পর অন্য গ্রামের লোকজন এসে ধানের চারাগাছ কেটে নিয়ে গেছে। বার বার নিষেধ করার পরও তাঁরা কথা শুনেনি।

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড নেত্রকোণা জেলার নির্বাহী প্রকৌশলী সারোয়ার জাহান জানান- নেত্রকোণা জেলার পূর্বধলা উপজেলার সেচ নিষ্কাশন উন্নয়ন প্রকল্পের আওতায় ৫ কোটি ৬২ লাখ টাকা ব্যয়ে সিদাল বিলটি খনন করা হচ্ছে।

কিন্তু সরজমিনে কাজ করতে গিয়ে জানা গেছে, এ বিলটির বেশিরভাগ অংশ ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলার সিধলা ইউনিয়নের অন্তর্গত। যে কারণে কিছু জটিলতা তৈরি হওয়ায় গৌরীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে এখন খনন কাজ বন্ধ রয়েছে।

তিনি আরও জানান, ময়মনসিংহ ও নেত্রকোণা জেলা প্রশাসক মহোদয়দের মাধ্যমে জটিলতা নিরসন করে সিধলং বিল খনন করা হবে। এতে বিলের নাব্যতা ফিরে আসবে।

গৌরীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ শাকিল আহমেদ বলেন- পানি উন্নয়ন বোর্ড সিধলং বিলটি খনন শুরু করার পূর্বে আমাদের কিছু জানায়নি। ইজারাদার সমিতির মাধ্যমে আমি বিষয়টি জানতে পারি। যেহেতু বিলটি তিন বছর মেয়াদি ইজারা দেয়া তাই কাজ বন্ধ রাখতে বলেছি। এখন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।