গায়ে বমি করে টাকা হাতিয়ে নেন তারা
মতিউর রহমান হিরা।। বমি পার্টি। এই চক্রটি বিভিন্ন ব্যাংকে সেবা নিতে আসা গ্রাহকদের উপর নজরদারি রাখে। এরপর গ্রাহকদের একজনকে টার্গেট করে পিছু নেয় এই চক্রের সদস্যরা।
টার্গেট গাড়িতে উঠলে তার সঙ্গে ৩-৪ জন উঠে পড়ে সেই গাড়িতেই। দ্রুত টার্গেটের পাশের সিটে গিয়ে বসে এই চক্রের সদস্যদের একজন। গাড়ি কিছুটা এগোলেই টার্গেটের মুখের উপর বমি করে। টিস্যু দিয়ে বমি পরিস্কারের আড়ালে কৌশলে হাতিয়ে নেয় তার সঙ্গে থাকা টাকা।
বুধবার কাজীর দেউড়ি থেকে বমি পার্টি চক্রের ৪ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ৮ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলো, ময়মনসিংহ জেলা সদরের মো. আবুল কাশেমের ছেলে মো. রনি মিয়া (৩০), একই এলাকার মৃত মো. আবুল কাশেমের ছেলে মো. রানা প্রকাশ জিসান (৩২), শফিকুল ইসলাম বাবুলের ছেলে মো. সুমন (২২) ও মকবুল হোসেনের ছেলে নাঈম আলম (২২)।
বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল কবির। তিনি বলেন, গত ২১ নভেম্বর দুপুরে কাজির দেউড়ি এলাকায় সিটি বাসের ভেতর সাইফুদ্দিন খালেদ নামে এক ব্যক্তির গায়ে বমি করে বমি পার্টির এক সদস্য। এরপর কৌশলে তার প্যান্টের পকেট থেকে ১ লাখ টাকা নিয়ে যায়।
এ ঘটনায় তিনি থানায় মামলা দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে আজ বুধবার কাজির দেউড়ি এলাকায় অভিযানে যায় পুলিশ। ভুক্তভোগীর শনাক্তমতে বমি পার্টির ৪ সদস্যকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে ৮ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা এস.আই মোশাররফ হোসাইন বলেন, জিজ্ঞাসাবাদে আসামিরা জানায় তারা বমি পার্টির চক্রের সক্রিয় সদস্য। তাদের মধ্যে একজন ব্যাংকের আশেপাশে অবস্থান নেয় এবং বাকিরা ব্যাংক থেকে টাকা নিতে আসা ব্যক্তিদের টার্গেট করে।
টাকা নিয়ে যদি বাসে উঠেন তাহলে তারা ৪/৫ জন একসাথে বাসে ওঠে। বাস কিছুদূর চলার পর তাদের মধ্যে একজন টার্গেট করা ব্যক্তির গায়ে বমি করে দেয় এবং অন্যান্যরা টিস্যু দিয়ে বমি পরিষ্কার করতে করতে কৌশলে টাকা পয়সা হাতিয়ে নেয়। জিজ্ঞাসাবাদে তারা আরও দুই থেকে তিনজন আসামির নাম জানায়। তাদের ধরতে এবং চুরি হওয়া অবশিষ্ট টাকা উদ্ধারে অভিযান অব্যাহত আছে।
স/এষ্

