খুন হওয়া স্কুল শিক্ষার্থী মুক্তি রানী বর্মণ এর বড় বোনকে চাকরি দিলেন ডিসি
পিয়াস আহমদ, নেত্রকোনা জেলা প্রতিনিধি : মানুষ মানুষের জন্যে, জীবন জীবনের জন্যে, দৃষ্টান্ত স্থাপন করলেন নেত্রকোনার ডিসি অঞ্জনা খান মজলিশ।
নেত্রকোনা জেলার জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশের সাথে মঙ্গলবার দুপুরে তাঁর কার্যালয়ে দেখা করেন সদ্য খুন হওয়া স্কুল শিক্ষার্থী মুক্তি রানী বর্মণ এর পরিবার।
মুক্তি রানীর পিতা নিখিল চন্দ্র বর্মণ এর কান্না বিজড়িত পরিবারের হাল অবস্থা শুনে তাৎক্ষণিক ডিসি অঞ্জনা খান মজলিশ বলেন, পরিবারের হাল ধরার জন্য মুক্তি রানী বর্মণ এর বড় বোন নিপা রানী বর্মণকে জেলা প্রশাসক কার্যালয়ে তার যোগ্যতা অনুযায়ী চাকরিতে নিয়োগ দিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন। মুক্তি রানী বর্মণ হত্যার দৃষ্টান্তমূলক শাস্তি হবে এবং পরিবারের সকলের নিরাপত্তা দেয়া হবে। জেলা প্রশাসন এই পরিবারের পার্শ্বে আছে এবং থাকবে।
এ প্রসঙ্গে এনডিসি মো: মেহেদী হাসান জানান, ডিসি স্যার এর নির্দেশ মোতাবেক মুক্তি রানী বর্মণ এর বড় বোন নিপা রানী বর্মণ এর নিকট থেকে চাকরির জন্য একটি আবেদন নেয়া হয়েছে। তাকে যোগ্যতা অনুযায়ী জেলা প্রশাসক কার্যালয়ে আপাততঃ অস্থায়ী চাকুরি দেয়া হচ্ছে। পরবর্তী বিধি মোতাবেক তার চাকরি স্থায়ী করণ করা হবে।
মুক্তি রানী বর্মণ এর বড় বোন নিপা রানী বর্মণসহ তার পিতা-মাতা ও পরিবারের অন্যান্য সদস্যদের সাথে কথা বলে জানা যায়, মুক্তি রানী বর্মণ এর ঘটনার পর মন্ত্রী-এমপিসহ বিভিন্ন রাজনৈতিক ব্যক্তি, প্রশাসনের লোকজন, বিভিন্ন সংগঠন ও সাংবাদিকবৃন্দ তাদের পরিবারের খোঁজ খবর নিচ্ছেন এবং সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন।
আজ মঙ্গলবার দুপুরে পরিবারের সবাই জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ এর সাথে দেখা করেছেন। সবকিছু শুনে নিপা রানী বর্মণকে চাকরি দিয়েছেন। পরিবার সূত্রে জানা যায়, আগামী রবিবার নিপা রানী বর্মণকে চাকরির নিয়োগপত্র দেয়া হবে।
পরিবার ও এলাকাবাসীর দাবী, মুক্তি রানী বর্মণ এর হত্যা মামলার আসামী কাওছার এর দ্রুত ফাঁসি চান। চাকরির খবরটি যোগাযোগ মাধ্যম ফেসবুকে দ্রুত ছড়িয়ে পড়ায় প্রশংসায় ভাসছেন ডিসি অঞ্জনা খান মজলিশ।
প্রসঙ্গত গত ২ মে মঙ্গলবার দুপুরে প্রেমনগর ছালিপুরা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী মুক্তি রানী বর্মণ (১৬) কে স্কুল থেকে বাড়িতে ফেরার পথে প্রতিবেশী বখাটে কাওছার (১৮) ধারালো দা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে। ঘটনার ২২ ঘন্টা পর পুলিশ আসামী কাওছারকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করেছেন।
স/এষ্

