কেন্দুয়ায় জমি সংক্রান্ত বিরোধে কৃষককে কুপিয়ে হত্যা
কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার কেন্দুয়ায় জমি সংক্রান্ত বিরোধের জেরে সেলিম মিয়া (৪৫) নামে এক কৃষককে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের সোহেল গং। সেলিম মিয়া উপজেলার গড়াডোবা ইউনিয়নের ডুমদি গ্রামের মৃত আব্দুল মজিদের ছেলে। প্রতিপক্ষ সোহেল মিয়া একেই গ্রামের হাবিবুর রহমানের ছেলে। সম্পর্কে তারা চাচা-ভাতিজা বলে জানা গেছে।
ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (২৬ জুলাই) দুপুরে ডুমদি গ্রামের কৃষি জমিতে। খবর পেয়ে সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন সহকারি পুলিশ সুপার (কেন্দুয়া সার্কেল) জুনাঈদ আফ্রাদ, কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আলী হোসেন পিপিএম। পরিবেশ স্বাভাবিক রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়।
পুলিশ ও গ্রামবাসি সূত্রে জানা যায়, ডুমদি গ্রামের সেলিম মিয়ার সঙ্গে ভাতিজা সোহেল মিয়া গংদের জমি সংক্রান্ত বিরোধ চলছিল। মঙ্গলবার দুপুরে সেলিম মিয়া জমিতে কাজ করতে গেলে সোহেল গং ধারালো অস্ত্র নিয়ে হামলা করে। এসময় সেলিমকে কুপিয়ে মারাত্মক আহত করা হয়।
সেলিম মিয়ার চিৎকারে তাকে বাঁচাতে এসে আরও ৫জন আহত হন। পরে স্বজনরা মুমুর্ষ অবস্থায় উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মারা যান সেলিম মিয়া। এ রিপোর্ট লেখা পর্যন্ত বুধবার মামলা হয়নি। পুলিশ জানায় এ ঘটনায় মোস্তাক (৩৩) ও আক্কাস আলী (৫০) নামে ২জনকে জিজ্ঞাসা বাদের জন্য আটক করা হয়েছে। তাদেরকে ৫৪ধারায় বুধবার আদালতে সোপর্দ করা হবে।
স/এষ্

