কেন্দুয়ায় সড়কে কাজ করার সময় পানির গাড়ি চাপায় শ্রমিক বালকের মুত্য
কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি- কেন্দুয়া-নেত্রকোনা সড়কে কাজ করার সময় সড়কে পানি দেওয়া গাড়ির চাকায় পিষ্ট হয়ে রাস্তায় কর্মরত শ্রমিক সুমন মিয়া (১৩) নিহত হয়েছে।
সুমনের পিতা আব্দুল বারেক একই রাস্তায় রিড কনস্ট্রাকশন কোম্পানির ঠিকাদারের রোলার ড্রাইভার হিসেবে কর্মরত। তার গ্রামের বাড়ি ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলায়।
ঘটনাটি ঘটেছে সোমবার (৩১ জুলাই) সকাল পৌনে ১১টায় টেঙ্গুরী আল খায়রুল অটো রাইস মিল সংলগ্ন কেন্দুয়া-নেত্রকোনা সড়কে। সূত্র জানায়, কেন্দুয়া-নেত্রকোনা হাইওয়ে সড়ক উন্নয়নের কাজ চলমান। সোমবার সকালে ঠিকাদারী প্রতিষ্ঠান রিড কনস্ট্রাকশন কোম্পানির একটি গাড়ী রাস্তায় পানি দেওয়ার কাজ করছিল।
এ সময় রোলার গাড়ির চালকের ছেলে শ্রমিক সুমন মিয়া (১৩) পানির গাড়ির নিচে চাপা পড়ে। তাকে মারাত্মক আহত অবস্থায় উদ্ধার করে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সুমনকে মৃত ঘোষণা করেন।
স/বি

