কেন্দুয়ায় “প্রেরয়িতা” উম্মুক্ত লাইব্রেরী উদ্বোধন
কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি- “এসো মিলি আলোর মিছিলে, জ্ঞানের মোহনায়” এই শ্লোগানকে প্রতিপাদ্য করে ‘প্রেরক’ নামে একটি সামাজিক সংগঠনের আয়োজনে নেত্রকোনার কেন্দুয়া উপজেলার পাইকুড়া ইউনিয়নে উদ্বোধন করা হলো ‘প্রেরয়িতা’ নামে একটি উম্মুক্ত লাইব্রেরীর। শনিবার (২৯ এপ্রিল) দুপুরে উপজেলা মজলিশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণ এই লাইব্রেরী উদ্বোধন করা হয়।
সংগঠনের প্রতিষ্ঠাতা শফিক আহমেদ ভূঞা স্বাগত বক্তব্যে বলেন, তাদের ‘প্রেরক’ সংগঠনটি সমাজে আত্মহত্যা বন্ধের লক্ষ্যে কাজ করে যাচ্ছে এবং প্রেরয়িতার মাধ্যমে মানুষদের বইমুখি করতে উম্মুক্ত লাইব্রেরী প্রতিষ্ঠা করছেন।
আশিফুল হক জয়ের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন সাহিত্য ও সংস্কৃতিজন কামরুল হাসান ভূঞা, পাইকুড়া ইউপি চেয়ারম্যান ইসলাম উদ্দিন, সাবেক চেয়ারম্যান আবু বক্কর ভূঞা, মজলিশপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রতন দেবনাথ, ম্যানেজিং কমিটির সভাপতি আজিজুর রহমান আরজু, লেখক, সাংবাদিক রাখাল বিশ্বাস, মানবাধিকার কর্মী মামুনুল কবির খান হলি, রিপোটার্স ক্লাব সভাপতি প্রভাষক আসাদুল করিম মামুন, শিক্ষক আনিছুজ্জামান প্রমুখ। পরে লাইব্রেরী উদ্বোধন করেন কামরুল হাসান ভূঞা।
প্রধান শিক্ষক রতন দেবনাথ বলেন, মজলিশপুর উচ্চ বিদ্যালয়ে উক্ত লাইব্রেরীর জন্য একটি কক্ষ দেওয়া হবে, যেখানে সকল শ্রেণি পেশার মানুষ বই পড়তে পারবেন। এই কার্যক্রমকে গতিশীল করতে সার্বিক সহায়তার আশ্বাস প্রদান করেন ইউপি চেয়ারম্যান ইসলাম উদ্দিন, সাবেক চেয়ারম্যান আবু বক্কর ভূঞা ও আজিজুর রহমান আরজু।
স/বি

