কাস্টমের ৮ কর্মীর রিমান্ড মঞ্জুর
মোঃরফিকুল ইসলাম মিঠু উত্তরা ঢাকা।। ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কাস্টম হাউজের গুদাম থেকে সাড়ে ৫৫ কেজি স্বর্ণ চুরির ঘটনায় গ্রেফতারকৃত ৮ জনের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। তাদের হেফাজত থেকে ৯৪ ভরি স্বর্ণ উদ্ধার করা হয়েছে।
ডিবির পক্ষ থেকে ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করা হয়। আদালত রিমান্ড মঞ্জুর করেন। তারা ৮ জন ঢাকা কাস্টমের কর্মকর্তা ও সিপাহি।
বুধবার ডিবির পক্ষ থেকে অতিরিক্ত কমিশনার হারুন অর রশীদ এ তথ্য নিশ্চিত করেন।
ডিবি বলছে, রিমান্ডে আসামিদের জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসতে পারে কাস্টমের স্বর্ণ চুরির পেছনে আর কেউ জড়িত আছে কি না।
এদিকে ভল্ট থেকে ৫৫ কেজি সোনা চুরির ঘটনায় মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) ৪ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করেছে কর্তৃপক্ষ। বরখাস্ত হওয়া ৪ জন সহকারী রাজস্ব কর্মকর্তা হলেন: মো. সাইদুল ইসলাম সাহেদ, মো. শহীদুল ইসলাম, মাসুম রানা ও আকরাম শেখ।
গত ২ সেপ্টেম্বর কাস্টম হাউজের নিজস্ব গুদামের ভল্ট থেকে ৫৫ কেজি স্বর্ণ চুরির ঘটনায় বিমানবন্দর থানায় মামলা হয়। মামলা তদন্ত করছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

