ও বাজান, জাগবা না?
–ভিকটর কে. রোজারিও
ও মানুষ জাগো
আর কত ঘুমাইবা?
তোমার ভাতঘুমে পৃথিবী যে দৈত্য-দানব
হিন্দু-মুসলমান বৌদ্ধ-খ্রিস্টানে ভইরা গেলো!
তুমি ছিলা জঙ্গলে, নিঃসঙ্গ অসহায়
আর সব জানোয়ারের মতই আত্মমগ্ন, যোনিসম্ভুত।
একা বাঁচন যায় না বইলা তুমি সঙ্গী লইলা, শিখলা ভাগ কইরা খাওন, ভুইল্যা গেছো?
নিজের মগজ খাটাইয়া তুমি পাথর ঘইষ্যা
আগুন জ্বালাইলা, বেবাকের থিকা পৃথক হইলা
জঙ্গল ছাড়লা, নাম লইলা মানুষ
ও মানুষ, তুমি তো মানুষ
কে তোমারে ধর্মের শিকল পড়াইলো?
তুমি পেগান হইলা, জরাথ্রুস্টু হইলা, ইহুদি হইলা, হইলা জৈন-শিখ,
কে তোমারে শিখাইলো সব মিছা, তুমিই শুধু ঠিক?
ও মানুষ ফিলিস্তিনে তোমার ভাই মরে, ভারতে তোমার বইনে কান্দে, শোনো না?
আফগানিস্তানে তোমার মাইয়া ইস্কুলে যাওনের লিগা প্যান্দায়, কানে যায় না?
তোমার কানে গরম শিক ঢুকাইলো কোন্ দানবে?
ইরানে তোমার বইন-ভাগ্নি রাস্তায় দাপড়াইতেছে, দেখো না?
সিরিয়া-লিবিয়া-তুরস্কের আগুনে তোমার চোখ জ্বলে না?
তোমার দুই চোখ উপড়াইয়া নিলো কোন্ জানোয়ারে?
ও মানুষ! তুমি জাতে জাতে ভাগ করো
ভাগে ভাগে খিস্তি করো
গোত্রে গোত্রে অস্ত্র ধরো,
দানবেরা এক হইলো
তোমার তবু ঘুম কাটে না?
তোমার বিবেক শুকাইয়া গেলো কোন্ ধুতরার বিষে?
বাজান গো, ও বাজান, জাগবা না?
স/এষ্

