উত্তরায় সাংবাদিকের উপর দুর্বৃত্তদের হামলা
নিজস্ব প্রতিবেদকঃ রাজধানীর উত্তরায় জাহাঙ্গীর আলম নামে এক সাংবাদিকের উপর হামলা চালিয়েছে দুর্বৃত্তরা । তিনি উত্তরার একটি সাংবাদিক সংগঠনের সভাপতি ও দৈনিক রুপ বানী পত্রিকায় কর্মরত আছেন ।
বুধবার (২১শে আগস্ট ) সন্ধ্যা ৭টার দিকে উত্তরার আব্দুল্লাহপুর- টঙ্গী সংযোগ সেতুর কাছে এ হামলা চালানো হয়েছে বলে জানান সাংবাদিক জাহাঙ্গীর আলম । স্থানীয় কয়েকজন সংবাদিকেরা জানান, ঘটনার দিন সাংবাদিক জাহাঙ্গীর আলম পেশাগত দায়িত্ব পালন শেষে আব্দুল্লাহপুর তার বাসার দিকে ফিরছিলেন ।

এসময় আব্দুল্লাহপুর- টঙ্গী সংযোগ সেতুর কাছে রাস্তা পারাপারের সময় পূর্ব থেকে ওৎপেতে থাকা ২০/৩০ জনের একটি সন্ত্রাসী গ্রুপ সাংবাদিক জাহাঙ্গীর আলমকে ঘিরে ধরে এবং কিল, ঘুষি ও লাঠি দিয়ে পিটিয়ে মারাত্মক আহত করে তার পকেটে থাকা দশ হাজার একশো টাকা ও একটি মুঠো ফোন ছিনিয়ে নেয় । এক পর্যায় তিনি জ্ঞান হারিয়ে ফেলেন । তখন দুর্বৃত্তরা তাকে মৃত ভেবে ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যায় । পরে আশপাশের লোকজন এসে তাঁকে উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে যান । বর্তমানে তিনি ঐ হাসপাতালেই চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন ।
উক্ত হামলার ঘটনায় সাংবাদিক জাহাঙ্গীর আলমের পক্ষ থেকে টঙ্গী পূর্ব থানায় একটি অভিযোগ দ্বায়ের করা হয়েছে । এই হামলার ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করতে পারেনি পুলিশ । তবে হামলাকারীদের শনাক্ত করে আটকের চেষ্টা চলমান রয়েছে বলে জানিয়েছেন টঙ্গী পূর্ব থানা পুলিশ ।

