শুক্রবার থেকে দ্বিতীয় পর্বের বিশ্ব ইজতেমা শুরু
শাহজাহান শোভন, টঙ্গী থেকে// গাজীপুরের টঙ্গীর তুরাগ নদীর তীরে তাবলীগ জামাতের বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব আগামী শুক্রবার (২০ জানুয়ারি) থেকে শুরু হয়ে রবিবার (২২ জানুয়ারি) আখেরী মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে ২০২৩ সালের বিশ্ব ইজতেমা। গতকাল মঙ্গলবার দুপুরে বিশ্ব ইজতেমার দিল্লীর মাওলানা সাদ অনুসারীরা আনুষ্ঠানিকভাবে ইজতেমার ময়দান বুঝে নেন।
এ সময় গাজীপুরের জেলা প্রশাসক আনিসুর রহমান ইজতেমার ময়দান দ্বিতীয় পর্বের সাদ অনুসারী শীর্ষ মুরুব্বিদের কাছে ময়দান বুঝিয়ে দেন। এর আগে বেলা সাড়ে ১১টার দিকে প্রথম পর্বের আয়োজক হাফেজ জুবায়ের অনুসারী শীর্ষ মুরুব্বি ইঞ্জিনিয়ার মাহফুজুল হান্নানসহ অন্য মুরব্বিরা গাজীপুর জেলা প্রশাসনের কাছে ইজতেমা মাঠ বুঝিয়ে দেন।
পরে দুপুরে গাজীপুর জেলা প্রশাসনের কাছে সাদ অনুসারী মুরুব্বিরা ইজতেমা ময়দান বুঝে নেন। মাওলানা সাদ অনুসারী শীর্ষ মুরুব্বি ড. মো. আব্দুস সালাম বলেন, আগামী ২০ জানুয়ারি থেকে ২২ জানুয়ারি পর্যন্ত সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে। এরইমধ্যে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে প্রায় চার হাজার বিদেশি মেহমান বাংলাদেশের বিভিন্ন মসজিদে তাবলীগে যুক্ত রয়েছেন। তারা আগামীকাল বুধবার সন্ধ্যার মধ্যেই বিশ্ব ইজতেমা ময়দানে এসে উপস্থিত হবেন।
তিনি আরও বলেন, এছাড়া সারাদেশ থেকে মুসল্লিরা ইজতেমায় যোগ দেওয়ার জন্য ইতিমধ্যে বিভিন্ন জেলার মুসল্লিরা প্রস্তুতি নিচ্ছেন। আগামীকাল বুধবারের মধ্যেই অধিকাংশ মুসল্লি ময়দানে এসে পৌঁছে যাবেন বলে আশা করা হচ্ছে।গাজীপুরের জেলা প্রশাসক আনিসুর রহমান বলেন, আজকে যদিও আমরা প্রথম পর্বের আয়োজকদের কাছ থেকে মাঠ বুঝে নিলাম, কিন্তু কার্যত গতকাল (সোমবার) পর্যন্ত মাঠে জেলা প্রশাসনের নজরদারি ছিল।
আমারা দেখেছি ব্যবহার্য জনিত কোনো অসুবিধা হয়েছে কিনা। সেগুলো রিপেয়ার করে দ্বিতীয় পর্বের ইজতেমা আয়োজকদের যাতে কোন ধরনের অসুবিধা না হয় সে সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। প্রথম পর্বের আয়োজনকারী নেতৃবৃন্দ এখানে উপস্থিত রয়েছে। তাদের কাছে আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করতেছি যে, তারা আমাদের সহযোগীতা করেছেন।
আশা করছি সকলের সহযোগীতায় আমরা প্রশাসনের পক্ষ থেকে দ্বিতীয় পর্বের আয়োজনকারীদের জন্য সুষ্ঠু সুন্দরভাবে বিশ^ ইজতেমা আয়োজন ও সম্পন্ন করতে সক্ষম হবো। প্রথম পর্বের মতো দ্বিতীয় পর্বেও বিশ্ব ইজতেমায় প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা অব্যাহত থাকবে।
হস্তান্তর অনুষ্ঠানে মাওলানা সাদ কান্ধলভি অনুসারীদের মধ্যে উপস্থিত ছিলেন, ময়দানের জিম্মাদার ইঞ্জি: মহিবুল্লাহ, ডাক্তার আব্দুছ ছালাম, রেজাউল করিম, মোহাম্মদ সায়েম, মিজানুর রহমান ভাই তানভীর, হাজী মনির হোসেন।গাজীপুর সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণ জানান, ইজতেমায় জরুরী পরিচ্ছন্নতা সেবা প্রদানের জন্য গাজীপুর সিটি কর্পোরেশনের সার্বক্ষণিক গার্বেজ ট্রাকসহ প্রায় ৬০০ পরিচ্ছন্নকর্মী মোতায়েন রয়েছে।
ইজতেমা ময়দানের দক্ষিণ পাশে তুরাগ নদীর তীরে বর্জ্য ফেলার জন্য অস্থায়ীভাবে ড্যাম্পিং পয়েন্ট তৈরি করা হয়েছে। প্রয়োজনীয় ব্লিসিং পাউডারসহ অন্যান্য উপকরণ মজুত রয়েছে।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোল্যা নজরুল ইসলাম বলেন, দ্বিতীয় পর্বের ইজতেমায় আগত মুসল্লিদের নিরাপত্তাসহ সার্বিক বিষয়ে প্রথম পর্বে যে ব্যবস্থা ছিল একই ব্যবস্থা থাকবে। আগামী শুক্রবার (২০জানুয়ারি) থেকে শুরু হবে দ্বিতীয় পর্বের মাওলানা সাদ কান্ধলাভি অনুসারীদের বিশ্ব ইজতেমা এবং তা চলবে রবিবার (২২ জানুয়ারি) পর্যন্ত।
স/অ

