আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে ইবি তরুণ কলাম লেখক ফোরামের সপ্তাহব্যাপী কর্মসূচী
মোতালেব বিশ্বাস, ইবি প্রতিনিধি : “সাক্ষরতা শিখন ক্ষেত্রের প্রসার” এই প্রতিপাদ্য বিষয় কে সামনে রেখে এবার বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা আন্তর্জাতিক সাক্ষরতা দিবস-২০২২ উপলক্ষে সপ্তাহব্যাপী নানা আয়োজন ও কর্মসূচী পালন করেছে।
বৃহস্পতিবার(৮ সেপ্টেম্বর) সকাল ১১টার সময় বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি এস এ এইচ ওয়ালিউল্লাহ ও সাধারণ সম্পাদক আবু তালহা আকাশ এর উপস্থিতিতে পথশিশু ও নিরক্ষরদের মাঝে খাতা-কলম, পেন্সিল, বর্ণমালার বই ও বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ করেন।এসময় আরো উপস্থিত ছিলেন সংগঠনটির অন্যান্য সদস্যবৃন্দ।
এর আগে বাংলাদেশে তরুণ কলাম লেখক ফোরাম, ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ২ থেকে ৮ সেপ্টেম্বর সপ্তাহব্যাপী বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছিল।কর্মসূচিগুলো হলো ফোরামের প্রত্যেক সদস্য কর্তৃক একজন নিরক্ষরকে অক্ষর জ্ঞান প্রদান;পথশিশু ও নিরক্ষরদের মাঝে খাতা-কলম, পেন্সিল, বর্ণমালার বই ও বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ;বয়স্কদের মাঝে নিয়মিত শিক্ষা কার্যক্রম পরিচালনা;নিরক্ষরদের অক্ষরজ্ঞান প্রদানে শিক্ষিত সমাজকে উদ্বুদ্ধকরণ এবং পোস্টারিং ও দেয়াল লিখন ।
বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি এস এ এইচ ওয়ালিউল্লাহ বলেন,আগামী ২০৩০ সালের মধ্যে বাংলাদেশে সাক্ষরতার হার শতভাগ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। সরকারের এই লক্ষ্যমাত্রা বাস্তবায়নে শিশু, নারী, কিশোর, বৃদ্ধসহ সর্বস্তরের মানুষের মাঝে সাক্ষরতার হার বৃদ্ধিকল্পে আমাদের সাক্ষরতা অভিযান ও শিক্ষা উপকরণ বিতরণ কর্মসূচির এই আয়োজন। সাক্ষরতা অর্জন ও দক্ষ মানব সম্পদ গড়ে তোলার পাশাপাশি ক্ষুধা-দারিদ্র্য ও নিরক্ষর মুক্ত বাংলাদেশ বিনির্মাণে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস সহায়ক ভূমিকা পালন করবে বলে আমরা বিশ্বাস করি।
উল্লেখ্য যে, আন্তর্জাতিক সাক্ষরতা দিবস হলো জাতিসংঘ শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা বা ইউনেস্কো-ঘোষিত একটি আন্তর্জাতিক দিবস। ১৯৬৬ সালের ২৬ অক্টোবর ইউনেস্কোর সাধারণ সম্মেলনের ১৪তম অধিবেশনে ৮ সেপ্টেম্বর তারিখকে “আন্তর্জাতিক সাক্ষরতা দিবস” হিসেবে ঘোষণা করা হয়। ১৯৬৭ সালে প্রথমবারের মতো দিবসটি উদ্যাপিত হয়। দিবসটির লক্ষ্য ব্যক্তি, সম্প্রদায় এবং সমাজের কাছে সাক্ষরতার গুরুত্ব তুলে ধরা। বর্তমানে জাতিসংঘের সকল সদস্য রাষ্ট্র এ দিবসটি উদ্যাপন করে থাকে।স্বাধীন বাংলাদেশে ১৯৭২ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উদ্যোগে প্রথম সাক্ষরতা দিবস উদযাপিত হয়।
স/এষ্

