তামাবিল স্থলবন্দরে আমদানি বন্ধ, ১০ দিনে রাজস্ব ক্ষতি পাঁচ কোটি টাকা , কর্মহীন ৫ হাজার শ্রমিক
শাহ আলম,গোয়াইনঘাট(সিলেট)প্রতিনিধি: সিলেটের গোয়াইনঘাট উপজেলার তামাবিল স্থলবন্দরে দশ দিন ধরে বন্ধ রয়েছে আমদানি। এতে সরকার প্রায় পাঁচ কোটি টাকা রাজস্ব হারিয়েছে। আর কর্মহীন অবস্থায় দিন কাটাচ্ছেন পাঁচ হাজার শ্রমিক। তামাবিলে ডিজিটাল ও সীমান্তের বিপরীতে ভারতের মেঘালয় রাজ্যের ডাউকি স্থলবন্দরে ম্যানুয়াল- এ দুই রকম পণ্য পরিমাপ পদ্ধতির কারণে ওজনে তারতম্য হচ্ছে। এ কারণে বাংলাদেশের আমদানিকারকরা ভারত থেকে পণ্য বিশেষ করে কয়লা ও পাথর আমদানি বন্ধ করে দিয়েছেন। এতেই স্থবির হয়ে গেছে বন্দরের কার্যক্রম।
সংশ্নিষ্টরা বলছেন, এভাবে চলতে থাকলে সরকার প্রতিদিন হারাবে অর্ধকোটি টাকা করে রাজস্ব। কিন্তু একসঙ্গে দুই দেশে একই পদ্ধতিতে পরিমাপ পদ্ধতি চালুর দাবিতে অনড় রয়েছেন আমদানিকারকরা।
গত ৭ জানুয়ারি থেকে তামাবিল বন্দরে অটো এসএমএস সফটওয়্যার পদ্ধতি তথা ডিজিটাল কার্যক্রম চালুর পর ব্যবসায়ীরা আমদানি বন্ধ করে দেন। এর পর তামাবিলের ওপারে আটকা পড়ে আছে কয়েক হাজার পণ্যবাহী ট্রাক। ওইসব ট্রাক বাংলাদেশে প্রবেশের অপেক্ষায় রয়েছে। আমদানি না করায় প্রায় পাঁচ হাজার শ্রমিক বেকার হয়ে পড়েছেন। এমনকি ব্যবসায়ীরাও রয়েছেন লোকসানের মুখে।
তামাবিল স্থলবন্দরের উপপরিচালক (প্রশাসন) মোহাম্মদ মাহফুজুল ইসলাম ভূঁঁইয়া জানান, ডিজিটাল পদ্ধতি বন্ধ করা হবে কিনা, সে বিষয়ে কোনো সিদ্ধান্ত আসেনি।
রাজস্বের ক্ষতি প্রসঙ্গে স্থলবন্দরের রাজস্ব কর্মকর্তা আশিকুর রহমান জানিয়েছেন, শুধু বন্দর ট্যারিফ বাবদ প্রতিদিন সরকারের ১২ থেকে ১৫ লাখ টাকা ও রাজস্ব বাবদ প্রতিদিন আরও প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি হচ্ছে।
আমদানি বন্ধের আগে মেঘালয় ও শিলং থেকে প্রতিদিন বিভিন্ন ধরনের পণ্য নিয়ে ছয়শ থেকে সাতশ ট্রাক তামাবিল স্থলবন্দর দিয়ে বাংলাদেশে ঢুকত। ভারতের ডাউকি স্থলবন্দরে ফিতা দিয়ে মেপে ওইসব পণ্য তামাবিল বন্দরে প্রবেশের পর একই পদ্ধতিতে মাপা হতো। ২০২১ সালে তামাবিল স্থলবন্দরে অটোমেশন পদ্ধতি চালুর উদ্যোগের পর ৭ জানুয়ারি থেকে তা কার্যকর করা হলে বদলে যায় দৃশ্যপট। নতুন পদ্ধতিতে বেঁকে বসেন ব্যবসায়ীরা।
স্থলবন্দর ব্যবসায়ী আব্দুল করিম রাসেল,ফারুক আহমদ,ইমরান মিয়া, সবুর মিয়া ও নজরুল মল্লিক বলেন, নতুন পদ্ধতিতে প্রতিটি গাড়ি স্কেলে ওঠার পর সময়ক্ষেপণ হবে। দুই দেশে দুই পদ্ধতিতে মাপের কারণে ওজনের হেরফেরে লোকসান হবে। ফলে আমদানি বন্ধ করে দিয়েছি।
এর আগে গত ১৪ অক্টোবর তামাবিল স্থলবন্দরে অটোমেশন পদ্ধতি স্কেলে পরিমাপ প্রক্রিয়া স্থগিত রাখতে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কমসংস্থানমন্ত্রী স্থানীয় এমপি ইমরান আহমদ নৌপরিবহন প্রতিমন্ত্রীকে অনুরোধ জানিয়ে চিঠিও দেন। এ ছাড়া ৮ জানুয়ারি মেঘালয় ইন্টারন্যাশনাল এক্সপোর্টার চেম্বার অব কমার্সের সভাপতি ডলি খনলা এক চিঠিতে বাংলাদেশ সরকারের সংশ্নিষ্টদের বিষয়টি বিবেচনার দাবি জানান।
তামাবিল পাথর, চুনাপাথর ও কয়লা আমদানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক সরোয়ার হোসেন ছেদু বলেন, শুধু আমাদের লোকসান হচ্ছে না, সরকারেরও লোকসান হচ্ছে।
তামাবিল স্থলবন্দর শ্রমিক ট্রেড ইউনিয়নের সভাপতি বাচ্চু মিয়া জানান, আমদানি কার্যক্রম বন্ধ থাকায় চার-পাঁচ হাজার শ্রমিক বেকার হয়ে পড়েছেন। বন্দরের ভবিষ্যৎ নিয়েও শ্রমিকরা শঙ্কিত বলে জানান তিনি।
তামাবিল কয়লা-পাথর আমদানিকারক গ্রুপের সভাপতি লিয়াকত আলী আগের মতো পণ্য আমদানি-রপ্তানি চালু করতে সরকারের প্রতি জোর দাবি জানিয়ে বলেন, আমরাও চাই ডিজিটালাইজেশন। ডাউকি স্থলবন্দরের কাজ শেষ হওয়ার পর একসঙ্গে দুই দেশে তা চালু হলে সরকার সঠিক রাজস্ব পাবে।
তিনি জটিলতার অবসান করতে কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।
স/এষ্

