নৌকার সমর্থনে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন নাসির মো. সেলিম
হাসান মাহমুদ মিলু, বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ময়না ইউনিয়নে নৌকার প্রতি শ্রদ্ধা রেখে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিদ্রোহী প্রার্থী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক এবং বর্তমান চেয়ারম্যান নাসির মো. সেলিম।
সোমবার বিকেল ৪টায় থানা রোডের আওয়ামী লীগ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি প্রার্থীতা প্রত্যাহার করে নেন। নাসির মো. সেলিম বলেন, জননেত্রী শেখ হাসিনার ওপর আস্থা রেখে দলীয় প্রতীক নৌকাকে সমর্থন করে আমি নির্বাচন থেকে সরে যাচ্ছি এবং নৌকাকে বিজয়ী করতে সর্বশক্তি দিয়ে কাজ করবো।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান এমএম মোশাররফ হোসেন উভয়কে হাতে হাত মিলিয়ে দেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সদস্য ও পৌরসভার ৯নং ওয়ার্ডের কাউন্সিলর আব্দুল মান্নান মোল্যা, ময়না ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু জাফর সিদ্দিকী, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কে এম জহুরুল হক প্রমুখ।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি এমএম মোশাররফ হোসেন বলেন, দলের কাউকে বহিষ্কার করা আমাদের মূল উদ্দেশ্য নয়। আমরা চাই নিজেদের ভুল বুঝতে পেরে বিদ্রোহী সবাই প্রার্থীতা প্রত্যাহার করে দলীয় প্রার্থীর পক্ষে কাজ করুক। নাসির মো. সেলিমের মতো অন্য বিদ্রোহী প্রার্থীরাও ফিরে আসলে তাদের পদ থেকে অব্যহতি এবং বহিষ্কারের বিষয়টি পূণর্বিবেচনা করা হবে।
স/অ

