গাজীপুরে সৌখিন পরিবহনের বেপরোয়া চালকের উদাসিনতায় বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু
শেখ রাজীব হাসান, গাজীপুর: গাজীপুরের টঙ্গীতে সৌখিন পরিবহনের বেপরোয়া চালকের উদাসিনতায় বাস চাপায় রমিজা (৬৫) নামে এক বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু হয়েছে। ১৪ নভেম্বর সন্ধ্যা সাড়ে ৭টায় নগরীর স্টেশন রোড এলাকায় এই দূর্ঘটনা ঘটে।
এসময় ঢাকা ময়মনসিংহ মহাসড়কে প্রায় আধা ঘন্টা যান চলাচল বন্ধ হয়ে যায়। এই ঘটনায় বেপরোয়া বাস চালক সুমন মিয়া (৩৩) কে আটক করা হয় ও সৌখিন পরিবহনের বাস জন্দ করা হয়েছে। নিহত রমিজা (৬৫) কোনাবাড়ী এলাকায় বসবাস করতেন। ঢাকা থেকে ফেরার পথে ছেলের বাসা টঙ্গীর মরকুন বেপারীপাড়া যাওয়ার উদ্দেশ্যে রাস্তা পার হচ্ছিলেন।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে পুলিশ জানায়, রবিবার সন্ধ্যায় বৃদ্ধা রমিজা রাস্তা পার হওয়ার সময় ময়মনসিংহ থেকে ঢাকাগামী সৌখিন পরিবহনের (ঢাকা মেট্রো- ব ১১-৯২৪০) দ্রুতগতির একটি বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
পরে মরদেহটি উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাষ্টার জেনারেল হাসপাতালে প্রেরন করা হয়। আটককৃত বাস চালক সুমন মিয়া গাজীপুরের গাছা থানার চান্দুরা মদিনা মসজিদ এলাকার হিরু মিয়ার ছেলে।
টঙ্গী পূর্ব থানার পরিদর্শক (তদন্ত) মোঃ দেলোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ট্রাফিক পুলিশের সহায়তায় বাস চালককে আটক করা হয়েছে এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
স/অ

