দুই লক্ষ টাকা ফেরত দিলেন রিক্সাচালক
হিলি প্রতিনিধি: সততা একটি মহৎ গুণ। ব্যবসায়ীর ফেলে যাওয়া ২ লক্ষ টাকা ফেরত দিয়ে আলোচনায় আসলেন দিনাজপুর জেলায় হাকিমপুর উপজেলার জালালপুর গ্রামের মৃত মোজাফফর রহমানের ছেলে হাফিজুর ইসলাম (৫৫) নামের এক রিক্সাচালক।
বুধবার (২৭ অক্টোবর) দুপুরে রিক্সাচালক হিলির চারমাথা মোড়ে দুই লক্ষ টাকা দুটি বান্ডিল কুড়িয়ে পান। পরে পুলিশকে খবর দিলে মূল মালিকের সন্ধানে নামে পুলিশ। এক পর্যায়ে পর্যাপ্ত প্রমান অনুযায়ী মালিকের হাতে টাকাগুলো তুলে দেওয়া হয়।
টাকার মূল মালিক ব্যবসায়ী আবুল বাশার জানান, তিনি পুরো টাকা ফেরত পেয়েছেন। ব্যবসার জন্য তিনি হিলি স্থলবন্দরে যাচ্ছিলেন। এমতাবস্থায় তার টাকাগুলো পরে যায়। হারিয়ে যাওয়া টাকা ফেরত পেয়ে রিক্সাচালকের সততায় মুগ্ধ হয়েছেন তিনি। রিক্সাচালকের সততায় মুগ্ধ হয়ে তাকে ১০ হাজার টাকা তাৎক্ষণিক দিয়েছেন।
হাকিমপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) খাইরুল বাশার শামীম জানান, উপরোক্ত ঘটনার খবর পেয়ে দুপুর সাড়ে ১২ টার দিকে হিলির চারমাথা মোড়ে এসআই বেলালসহ পোর্স পঠিয়ে দিয়ে টাকাগুলো উদ্ধার করি। পরে রিক্সাচালক হাফিজুর রহমানকে সঙ্গে নিয়ে ব্যবসায়ী আবুল বাশারের কাছে পুরো টাকা বুঝিয়ে দেওয়া হয়।
স/অ

