টঙ্গীতে টিকা না পেয়ে হাসপাতালের সেবিকা
ও স্বেচ্ছাসেবকদের উপড় হামলা
আহত ৭জন
টঙ্গী প্রতিনিধি : গাজীপুরের টঙ্গীতে গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে করোনা টিকা না পেয়ে হাসপাতালের কর্মচারীদের উপর হামলার অভিযোগ পাওয়া গেছে। এসময় ৭ জন আহত হয়েছে। আহতদের হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
জানা যায়, সকালে হাসপাতালে হাজার হাজার নারী পুরুষ টিকা নিতে আসে। দীর্ঘ সময় তারা লাইনে দাড়িয়ে থাকে। এরই এক পর্যায়ে টিকার মজুদ শেষ, এমন ঘোষনা এলে নারী পুরুষরা হাসপাতালের কর্মচারী ও স্বেচ্ছাসেবিদের সঙ্গে বাকবিতন্ডায় জড়ান। পরে তাদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে।
এ সময় টিকা নিতে আসা নারী পুরুষরা হাসপাতালের সেবিকা ও স্বেচ্ছাসেবকদের মারধর করলে তারা আহত হন। আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। আহতরা হলেন, সিনিয়র সেবিকা রিপা আক্তার, সুরাইয়া আক্তার, শাহিনা আক্তার রেডক্রিসেন্টের স্বেচ্ছাসেবী নাদিম আহাম্মদ, সিফাত হোসেন, ইউছুফ ও সুমন।
হাসপাতালে সেবিকারা জানান, কয়েক হাজার নারী ও পুরুষ টিকা নিতে এসেছেন। তারা হঠাৎ করেই টিকাদানকারী সেচ্ছাসেবী কর্মীদের মারধর করে আহত করেছেন।টিকা নিতে আসা প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল থেকে টিকা নিতে আসা নারীপুরুষ লাইনে দাড়িয়ে ছিল। কিন্তু লাইন ভেঙে অনেকেই টিকা দিয়ে চলে যাচ্ছে। দুপুরের আগেই টিকা নেই এমন ঘোষণা দেয়া হলে বিশৃঙ্খলা বাঁধে।
শহীদ আহসান উল্লাহ মাষ্টার জেনারেল হাসপাতালে তত্বাবধায়ক জাহাঙ্গীর আলম বলেন, টিকা মজুদের তুলানায় গ্রহীতার সংখ্যা বেশি হয়ে গেছে। তবে টিকা ব্যবস্থা করা হচ্ছে। শনিবার থেকে সবাইকে টিকা দেওয়া সম্ভব হবে বলে জানান তিনি।
টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ মাসুদ বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রন করা হয়েছে। টিকা কেন্দ্রে পুলিশ রয়েছে। প্রায় এক ঘন্টা পর ফের টিকা কেন্দ্রে টিকা কার্যক্রম শুরু হয়।
স/অ

