রবিউল করিম পলাশের এক গুচ্ছ কবিতা
জন্মভূমি
বুকে তোমার সবুজ আঁচল
আকাশ ভরা নীল,
ভালোবেসে তোমায় আমি
হবো শঙ্খচিল।
সবুজ শ্যামল খোলা মাঠে
বুক ভরে নেই শ্বাস,
তোমার বুকের মধ্যেখানে
আমার বসবাস।
রূপের তোমার নেইকো শেষ
অপরূপা যে তুমি,
তোমায় দেখে সাধ মিটেনা
প্রিয় জন্মভূমি।
পদ্মা
সর্বনাশা পদ্মা নদী
কাইড়া নিলো ঘর,
বর্ষা এলে প্রমত্তা তুমি
গ্রীষ্মে ধূ ধূ বালুচর।
একূল ভেঙ্গে ওকুল গড়ো
খেয়ালীপনাতে,
মাঝ নদীতে ডুবাও তরী
হেয়ালিপনাতে।

তবুও উদাস মন খুঁজে পায়
তোমার কাছেই শান্তি,
দেখে তোমার রূপ-যৌবন
মনে জাগে প্রশান্তি।
পদ্মা তুমি হাসাও কাঁদাও
তোমার অবুঝ মন,
দেখে তোমার রঙ্গ-লীলা
কাটলো এই জীবন।
তোর শহরে বৃষ্টি হলে
তোর শহরে বৃষ্টি হলে
জানালা খুলে রাখিস।
উদাস মনে তাকিয়ে আকাশ পানে,
গুনগুনিয়ে তোর প্রিয় কোন গানে,
বৃষ্টিতে দু’টি হাত ভিজিয়ে –
আমায় কাছে ডাকিস।
আমি বৃষ্টি হবো,
তোর খোলা জানালা পারে।
খুঁজে পাবি ফোঁটায় ফোঁটায়
কদম ফুলের থোকায় থোকায়,
বৃষ্টি হবো ঘরের পাশে-
তোর বেলকোনিটার ধারে।
আজ তোর শহরে,
যাক ভিজে সবকিছু।
যাকনা ভিজে পুরো আকাশ,
হৃদয় মাঝে উঠুক বাতাস
অলস দিনে ছুটে বেড়াস
যতো স্মৃতির পিছু।
তোর শহরে বৃষ্টি হলে,
দু’চোখ মেলে দেখিস।
থাকবো আমি বৃষ্টি ভেজা ঘাসে,
তোর শহরে, হয়তো তোরই পাশে।
বৃষ্টিতে দু’টি হাত ভিজিয়ে
আমায় ছুঁয়ে দেখিস।
তোর শহরে বৃষ্টি হলে –
শুধু জানালা খুলে রাখিস।
মেঘ-বৃষ্টির উপাখ্যান
রবিউল করিম পলাশ
যদি আমি মেঘ হয়ে যাই
বৃষ্টি হবে তুমি,
ঝরবে শুধু অঝোর ধারায়
দেখবো চেয়ে আমি।
মেঘের ভেলায় ভেসে ভেসে
মেঘ বৃষ্টির খেলা,
কেন অশ্রু ঝরে ঐ দু’চোখে?
কেন শ্রাবন সারাবেলা?
কার বিরহে বৃষ্টি তুমি
মেঘের ভেলায় ভাসো?
অভিমানী ঐ দু’চোখে
কেন কান্না হয়ে আসো?
মেঘ-বৃষ্টির অঝোর ধারায়
আকাশ হারায় নীল,
মেঘের মাঝে বৃষ্টি তুমি
থেকো অনাবিল।
মুখোশ
মুখে মুখে মুখোশ সবার
মুখ চেনা যে দায়,
কে যে আসল, কে যে নকল
চেনার কি উপায়?
মুখোশধারী আমরা সবাই
একই সাথে চলি,
কেউ প্রকাশ্যে, কেউ গোপনে
মুখোশ টা যে খুলি।
মুখোশ টা যে আর কিছু নয়
নিজ চরিত্রেরই রেশ,
মুখোশ পরে, মুখ লুকিয়ে
সবাই নেয় যে ছদ্মবেশ।
নেবে কি তোমার সাথে ?
আমি যেতে চাই,
তোমার হাত দু’টি ধরে বহুদূরে,
অচেনা-অজানা কোনো অচিনপুরে!
তুমি নেবে কি আমায়, তোমার সাথে ?
কোনো শান্ত নদীর তীরে,
তোমার হাতে হাত রেখে দেখতে চাই,
সূর্যোদয় -সূর্যাস্ত! পাশাপাশি হেঁটে যেতে চাই, কোন নির্জন শান্ত গাঁয়ের,
ছায়াঘেরা আঁকাবাঁকা মেঠো পথ ধরে।
তোমার কোলে মাথা রেখে,
সবুজ ঘাসের গালিচায় ঘুমোতে চাই,
জীবনের একটি দুপুর!
ঘুমভেঙ্গে তোমার ঐ ডাগর দু’চোখের মাঝে- খুঁজে পেতে চাই,
আমার হারিয়ে যাওয়া,নীল আকাশটাকে!
তোমার সান্নিধ্যে,
আমি ফিরে পেতে চাই,
আমার জীবন-যৌবন, ফাগুন- বসন্ত
– সবকিছু আবারো নতুন করে!
আমি শুধু একটিবার,
বুক ভরে ভালোবাসতে চাই প্রিয়তমা তোমায়!
আমি তোমার হাত দু’টি ধরে বলতে চাই,
আর একটিবার, ভালোবাসি!
এই পৃথিবী থেকে হারিয়ে যাবার আগে,
আমি তোমার সাথে হারিয়ে যেতে চাই, শুধু আর একটিবার,
কোনো নাম না জানা অচিনপুরে !
তুমি নেবে কি আমায়, তোমার সাথে…?
মন ভালো নেই
বন্ধু আমার মন ভালো নেই
মেঘ করেছে তাই,
সবই আছে আগের মতোই
শুধু তুমিই পাশে নাই!
বৃষ্টি আসে আকাশ কাঁদে
মন হারিয়ে যায়,
অলস দুপুর, বিষন্ন মন
শুধু তোমায় কাছে চায়।
আকাশ জুড়ে কালো মেঘে
নামবে শ্রাবণ ধারা,
বন্ধু আমার হারিয়ে গেছে
তাই, মনটা পাগল পারা!
হারিয়ে গেছ সেই যে তুমি
ফিরে এলে না আর
তাই বর্ষায় স্মৃতিতে তুমি
ফিরে আসো বার বার..!
কবি ও কবিতা
আমি যখন কবি হই,
তখন তুমি কবিতা হও।
আমি সাজাই তোমায় নিয়ে-
শব্দ, বাক্য, পংক্তি মালা।
শব্দের সাথে শব্দের প্রেম হয়,
ভালোবাসা হয়, তারপর
একে অপরের মাঝে হারিয়ে যায়।
ঠিক যেমন,
তোমার মাঝে হারিয়েছি আমি!
হারিয়েছে আমার জীবন-যৌবন সবকিছু!
আমি যখন কবি হই,
তুমি তখন না বলা কথা হও।
আমার জীবনের কত শত না বলা কথা। তোমার সকাল দুপুর গভীর রাতের কথা।
আমি যখন কবি হই,
তুমি তখন কবিতা হও।
নীল আকাশের মাঝে উঁকি দিয়ে হাসো, আবার কখনোবা বৃষ্টির অঝোর ধারায় কেঁদে ফেরো বড্ড অভিমানে।
আমি যখন কবি হই,
তুমি তখন কবিতা হও।
কানে কানে বলে যাও
তোমার না বলা কতো কথা।
তোমার না বলা কথাগুলো তখন জন্ম নেয়, এক একটি কবিতা হয়ে।
আমি যখন কবি হই,
তখন তুমি কবিতা হও, পান্ডুলিপি হও। একসময় লাল বেনারসি দিয়ে তোমায় জড়িয়ে ফেলি,
ভালোবাসার রঙিন মলাটে….!
তোমার হাসি
তোমার হাসি
বাঁধ-ভাঙ্গা প্লাবনের মতো।
ভাসিয়ে দিল হৃদয়ের
সাজানো বাগান, মেঠোপথ,
উঠান, সীমানা – সবকিছু।
হিম শীতল প্লাবনের জলে,
পা ভেজাতেই, শিহরিত হলাম।
এ কোন প্লাবনের জল!
থৈ থৈ চারিদিক।
হাসিতে আবার জোয়ার আনলে,
ভাসালে আমায়-
হিম শীতল প্লাবনের জলে,
নিঃশব্দে।
আঁধারের অপ্সরা
রবিউল করিম পলাশ
আঁধারের অপ্সরা তুমি
এলোকেশী, মায়াবিনী,
থাকো ছায়া হয়ে,
নীরবে একাকিনী।
তারায়, তারায় আমি,
সাজিয়েছি আমার সারাটা আকাশ।
তারই মাঝে একফালি চাঁদ হয়ে তুমি,
ঘটালে ভালোবাসার বহিঃপ্রকাশ।
আঁধারের অপ্সরা তুমি,
আর আমি থাকি আঁধারের অপেক্ষায়।
জোছনার আলো আসে চৌকাঠে
তুমি থাকো ভোরের প্রতীক্ষায়।
কবি পরিচিতি : রবিউল করিম পলাশ ২৩ এপ্রিল ১৯৭৫ বিভাগীয় শহর বরিশালের বৈদ্যপাড়ায় জন্মগ্রহণ করেন। বাবার চাকুরীর বদলীর কারনে, বরিশাল থেকে আশির দশকে সপরিবারে রাজশাহীতে চলে আসেন। বাবা রাজশাহী কলেজের পরিসংখ্যান বিভাগের বিভাগীয় প্রধান ছিলেন। কবিও রাজশাহী কলেজ থেকে তার শিক্ষাজীবন শেষ করেন।
ছোটবেলা থেকেই কবির লেখালেখির প্রতি ঝোঁক ছিলো। তার জীবনের প্রথম লেখা প্রকাশিত হয় রাজশাহীর ত্রৈমাসিক “বনলতা” নামের একটি স্থানীয় পত্রিকায় ১৯৯৩ সালের ডিসেম্বর মাসে। তিনি নিজেও একসময় নতুন প্রজন্মকে সাহিত্য চর্চায় উৎসাহিত করার জন্য “প্রজন্ম” নামে একটি মাসিক কবিতা পত্র সম্পাদনা করতেন।
তিনি রাজশাহীর সোনালী সংবাদ, সুবর্ণ সংবাদ, হাইফেন, অক্ষর, অনির্বাণ সহ বিভিন্ন পত্র পত্রিকায় লিখে থাকেন। তিনি কবিতা, গল্প, ছড়া, নাটক, নাটিকা ও উপন্যাস লিখে থাকেন।
স/এষ্

