আজকাল মনে পড়ে
—খালিদ আহসান
আজকাল গ্রামের কথা মনে পড়ে
আলতো বাতাসে দুল খাওয়া
দিগন্ত জুড়ে সবুজ ধান গাছের
কথা মনে পড়ে !
তীব্র শীতে ভোরবেলা উঠে
ভাবাপিঠা ওয়ালীর কথা মনে পড়ে
চুলোর পাশে ভীড় করে থাকা
ভুলে যাওয়া অনেকের কথা মনে পড়ে !
আজকাল গ্রামের মেঠোপথ ধরে হাঁটি
জীর্ন শীর্ণ খেটেখাওয়া মানুষের
উদাস বসে থাকা দেখি
ঘোমটা টেনে গ্রাম্য বধুর
উঠোন ঝাড়ু দেয়া দেখি
জলচৌকিতে বসে রোদ পোহানো
বৃদ্ধের ক্ষয়ে যাওয়া জীবন দেখি।
আজকাল চারপাশ থৈই থৈই করা
বানের সাদা জলের কথা মনে পড়ে
মৃদু স্রোতে ভেলায় চড়ে,
ভেসে যাওয়ার স্মৃতি মনে পড়ে !
রাস্তার পাশে সারি বেঁধে জাল ফেলা
মৌসুমী জেলেদের কথা মনে পড়ে ।
আজকাল শৈশবের কথা মনে পড়ে
বিকেল বেলা মুখরিত খেলার
মাঠের কথা মনে পড়ে;
ঈদের রাতে নির্ঘুম অস্থির
সময়ের কথা মনে পড়ে
একে একে ছেড়ে যাওয়া
প্রতিবেশীদের কথা মনে পড়ে।
আজকাল মায়ের কথা মনে পড়ে
বহু আগে আপছা ভাবে স্মৃতিপটে থাকা
ধূসর অস্পষ্টতায় মনে পড়ে !
স্কুলের ওই সহপাঠীর কথা মনে পড়ে
শুরুর আগেই যে জীবন ঝরে পড়ে গেছে !
আজকাল গোরস্তানের চারপাশ দিয়ে হাঁটি
নিথর পড়ে থাকা মানুষের অপেক্ষা দেখি
থেমে যাওয়া জীবনের স্তব্ধতা বুঝি
আমার অশেষ শুরুর ঠিকানা খুৃঁজি।
বহুকাল পরে..
আজকাল গভীর দুঃখে কিংবা সুখে
দূর অতীতের কথা মনে পড়ে;
মহাকালে বসে বহুকাল আগে
ছেড়ে আসা ছোট্ট সবুজ
গোধূলির কথা মনে পড়ে !
মহাভ্রমণের বিন্দু সমান সময়ের
ফেলে আসা ক্ষনিকের জীবনের
কথা মনে পড়ে !
স/এষ্

