চমক ডেস্ক : স্কোয়াডে ডাক পাওয়ার দুই সপ্তাহের মধ্যে বাদ পড়ার দুঃসংবাদ কে আশা করে? সে রকম একটি দুঃসংবাদ যে পেতে যাচ্ছেন, তা এত দিনে বুঝে গেছেন আবু জায়েদ।
বাংলাদেশ দলের বিশ্বকাপ ভাবনায় তিনি নেই, তাঁর জায়গায় তাসকিন আহমেদের নাম আইসিসিতে পাঠানোর সিদ্ধান্ত একরকম হয়েই গেছে৷ ২৩ মে পর্যন্ত কোন কারণ দেখানো ছাড়াই দলে পরিবর্তনের যে সুযোগ রেখেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা, সেটিই নিচ্ছে বাংলাদেশ। ১৯৯৯ বিশ্বকাপের আগে জাহাঙ্গীর আলমের স্বপ্নও দীর্ঘস্থায়ী হয়নি।
মিনহাজুল আবেদীনকে বাদ দেওয়ায় তুমুল সমালোচনা হয়েছিল দেশজুড়ে। ‘ড্যামেজ কন্ট্রোল’ করতে গিয়ে পরে তাঁকে অন্তর্ভুক্ত করা হয় বিশ্বকাপ স্কোয়াডে। সেবারের ট্র্যাজেডির শিকার জাহাঙ্গীর আলমকে অবশ্য নিজেদের খরচে পুরো বিশ্বকাপে দলের সঙ্গেই রেখেছিল বিসিবি। এবার আবু জায়েদ রাহির ভাগ্যেও ‘গরু মেরে জুতা দান’ হিসেবে বড়জোর মিলতে পারে স্কোয়াডের ১৬তম সদস্যের মর্যাদা। উভয় কূল রক্ষার জন্য আপাতত এটাকেই শ্রেয়তর কৌশল মনে করছেন নীতিনির্ধারকরা।
আশ্চর্য ঘটনা বটে! বিশ্বকাপ স্কোয়াডে ১৫ সদস্যের একজন তিনি। তবু আয়ারল্যান্ড উলভসের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে খেলার সুযোগ মেলেনি আবু জায়েদের। ত্রিদেশীয় সিরিজের মূল ম্যাচে তো প্রশ্নই আসে না। এমনকি দলের নির্ধারিত এবং অনির্ধারিত অনুশীলনেও বাংলাদেশ দলের প্রশিক্ষণ পরিকল্পনায় আবু জায়েদের মর্যাদা বড়জোর স্থানীয় কোনো নেট বোলারের! ফরহাদ রেজা, ইয়াসির রাব্বি কিংবা নাঈম হাসানরা বিশ্বকাপ স্কোয়াডে নেই, ত্রিদেশীয় সিরিজের সিরিয়াস ভাবনাতেও অনুপস্থিত। তবু নেটে কোচিং স্টাফের দৃষ্টিসীমাতেই দেখা যাচ্ছে তাঁদের, অনুপস্থিত শুধু আবু জায়েদ। গতকাল অবশ্য অনেক পরে নেটে বোলিংয়ের সুযোগ পেয়েছেন। ‘এতক্ষণে অরিন্দম’ কেন জানতে চাইলে মিনহাজুলের ব্যাখ্যা, ‘ও তো চোটের কারণে এত দিন বোলিংই করতে পারছিল না। স্থানীয় ফিজিও যে প্রতিবেদন দিয়েছিল সে মতে সব কিছু হয়নি।
আমাদের বলা হয়েছিল তিন-চার দিনে সেরে উঠবে। কিন্তু আজই প্রথম বল করার মতো অবস্থায় এসেছে রাহি।’ অবিশ্বাস্য! গতকালই প্রথম জানা গেল যে আবু জায়েদের চোট ছিল। সে কারণেই কি আবু জায়েদের জায়গায় তাসকিনকে বিশ্বকাপ স্কোয়াডে অন্তর্ভুক্ত করার প্রক্রিয়া চলছে? এবার সেই চোটকেই ঢাল করলেন মিনহাজুল, ‘চোট থাকলে তো পরিবর্তন করতেই হবে। তবে আমরা রাহিকে বিশ্বকাপে নিয়ে যাব। সে ক্ষেত্রে দল ১৬ জনের হবে। এটা নিয়ে আজ (গতকাল) বোর্ড সভাপতির সঙ্গে কথা হবে।’ ভেতরের খবরেও বিশ্বকাপে ১৬ জন নেওয়ার পরিকল্পনা রয়েছে। তাতে আবু জায়েদকে জাহাঙ্গীর আলম বানিয়ে দেওয়া নিয়ে হৈচৈ অন্তত এড়ানো যাবে!
অবশ্য এ নিয়ে প্রধান কোচ স্টিভ রোডসের দোষও নেই। তিনি নাকি দল ঘোষণার পর জানতে চেয়েছিলেন সিলেটি এ পেসারকে কে দলে নিয়েছেন? অনেক চেষ্টা করেও সে প্রশ্নের উত্তর মেলেনি। তবে দল ঘোষণার দিনই বিসিবি সভাপতি নাজমুল হাসান বলেছিলেন যে, পরবর্তীতে দলে পরিবর্তনও আসতে পারে। তবে কি জনপ্রিয়তায় ঘাটতি আর আপাত সহনশীলতার প্রতীক হয়ে উঠেছেন বলেই আবু জায়েদকে বেছে নেওয়া!
আবু জায়েদকেই যে সম্ভাব্য বলির পাঁঠা বানানো হবে, সে প্রক্রিয়ার শুরু দল নির্বাচনী সভাতেই। তাসকিন আহমেদের চোট রয়েছে, ওদিকে ঢাকা প্রিমিয়ার লিগে ভালো বোলিং করেননি শফিউল ইসলাম, আবার তরুণ খালেদ আহমেদকে বিশ্বকাপের উত্তপ্ত উনুনে এনে ফেলার বিপক্ষেও যুক্তি উপস্থাপন হয়েছে। তাতে একজন পেসার পদ খালিই থেকে যাচ্ছিল বলে জানা গেছে।
তাসকিন যদি ফিট হয়ে ওঠেন, তবেই তাঁকে দলভুক্ত করা হবে—এমন পরিকল্পনার অংশ হিসেবেই নাকি আবু জায়েদকে অন্তর্ভুক্ত করা হয়েছিল দলে। যেমনটা মিনহাজুলের অন্তর্ভুক্তিতে ১৬তম সদস্য, কার্যত বিশ্বকাপ পর্যটক হয়ে গিয়েছিলেন জাহাঙ্গীর আলম। সেসময়ের কথা মনে হলে এখনো জাহাঙ্গীরের জন্য সমবেদনা জানান মিনহাজুল, ‘জাহাঙ্গীর কেন, যেকোনো ক্রিকেটারের জন্যই এভাবে দলে ঢুকে বাদ পড়া হতাশাজনক। রাহির বেলায় কিন্তু তেমনটা ঘটছে না। আমরা সম্ভবত ১৬ জন নিয়ে বিশ্বকাপে যাব।’
সে পরিকল্পনার পথ ধরে আবু জায়েদ রাহিও হয়তো বিশ্বকাপে যাবেন। তবে ১৯৯৯ বিশ্বকাপের জাহাঙ্গীরের মতো ২০১৯ বিশ্বকাপেও কোনো ম্যাচ খেলা হবে না আবু জায়েদের। টিম ম্যানেজমেন্টের বিশ্বকাপ ভাবনার ধারেকাছেও যে নেই তিনি, কখনোই ছিলেন না!
স/এষ্

