ঢাকাসোমবার , ৬ মে ২০১৯
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

দুই প্রতিপক্ষের সামনে কাল মাঠে নামবে বাংলাদেশ

admin
মে ৬, ২০১৯ ৫:৪৯ অপরাহ্ণ
Link Copied!

রাহুল রাজ : ত্রিদেশীয় সিরিজে কাল (মঙ্গলবার) বাংলাদেশ নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে।

কিন্তু কাল বাংলাদেশ মাঠে দুটি প্রতিপক্ষের মোকাবেলায় মাঠে নামবে। প্রথমটি ওয়েস্ট ইন্ডিজ আর দ্বিতীয়টি ঠান্ডা। বাংলাদেশের মানুষ যখন গরমে অস্থির তখন আয়ারল্যান্ডের তাপমাত্র খুবই ঠান্ডা। ১০-১২ ডিগ্রি সেলসিয়াস, কখনো সেটি ৬-৭ ডিগ্রিতে নেমে আসছে। তীব্র এ শীতে স্বাচ্ছন্দ্যে খেলাটা বাংলাদেশের জন্য বড় চ্যালেঞ্জ।

নিজেদের প্রথম ম্যাচে ক্যারিবিয়রা আয়ারল্যান্ডের বিপক্ষে ৩৮১ রানের পাহাড় তৈরি করে। সেই পাহাড় টপকাতে পারেনি আয়ারল্যান্ড। হেরেছে ১৮৫ রানের বড় ব্যবধানে। অন্যদিকে বাংলাদেশ নিজেদের একমাত্র প্রস্তুতি ম্যাচে ৮৮ রানের বড় ব্যবধানে হেরে আত্মবিশ্বাসে পিছিয়ে আছে।

মঙ্গলবারের ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ হবে দুটি। প্রথমটি ওয়েস্ট ইন্ডিজ আর দ্বিতীয়টি আবহাওয়া। এই সিরিজে বাংলাদেশকে সবচেয়ে বেশি ভোগাচ্ছে কনকনে ঠান্ডা আবহাওয়া। ঠান্ডা বাতাস হাতের চামড়ার স্নায়ুতেই গিয়ে তিরের মতো বিঁধছে। এই পরিবেশে বাংলার দামাল ছেলেরা নিজেদের স্বাভাবিক খেলা খেলতে হিমসিম খাবে।

এই ত্রিদেশীয় সিরিজ শেষেই শুরু হবে ইংল্যান্ডে বিশ্বকাপ। বাংলাদেশের জন্য এই টুর্নামেন্ট বিশ্বকাপের আগে চূড়ান্ত মহড়া। বিশেষ করে বিশ্বকাপ দলে থাকা সদস্যদের চূড়ান্ত প্রস্তুতির সুযোগ এখানেই। আর দলের তরুণ ক্রিকেটারদের জন্য এই টুর্নামেন্ট পরীক্ষাও বলা যেতে পারে। সৌম্য সরকার, লিটন দাস, সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, সাইফউদ্দিন ও আবু জায়েদ রাহীদের যোগ্যতা ও সক্ষমতার প্রমাণ রাখতেই হবে এখানেই। নয়তো ত্রিদেশীয় সিরিজে দলের সঙ্গে যোগ দেয়া তাসকিন, ইয়াসির আলী, ফরহাদ রেজা ও নাঈম হোসেন পরীক্ষায় পাশ করলে ঢুকে যাবেন বিশ্বকাপ দলে।

শুধু যে মাঠেই পরীক্ষা দিতে হবে তা নয় ফিটও থাকতে হবে শতভাগ।

কাল ৭ই মে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মুখোমুখি হবে বাংলাদেশ দল। যদি ফাইনালে ওঠে তাহলে খেলবে পাঁচ ম্যাচ। এখানে ১৯ সদস্যের দলকে ঘুরিয়ে ফিরিয়ে পরীক্ষা করবেন অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। তবে দেশ ছাড়ার আগে অধিনায়ক মাশরাফি বলে গেছেন সিরিজে প্রথম ম্যাচেই দেখা যাবে বিশ্বকাপ একাদশের মূল চিত্র। তাই প্রথম দিন থেকেই বিশ্বকাপ একাদশে থাকা তরুণদের কঠিন পরীক্ষা শুরু হচ্ছে তা বলার অপেক্ষ রাখে না।

এই টুর্নামেন্টে টাইগারদের বিশ্বকাপ স্কোয়াডের জন্য ভালো-মন্দ অনেক কিছুই অপেক্ষা করছে। দেশ ছাড়ার আগে অধিনায়ক মাশরাফিও জানিয়েছেন তরুণদের পরীক্ষার বিষয়টি।

তামিম ইকবাল, মুশফিকুর রহীম, মাহমুদউল্লাহ রিয়াদ, সাকিব আল হাসান ও অধিনায়ক মাশরাফি বিন মুর্তজারা ত্রিদেশীয় সিরিজে খারাপ করলেও তাদের উপর আস্থা হারাবে না টিম ম্যানেজম্যান্ট। তাদের এখন আর প্রমাণ করার খুব একটা প্রয়োজন নেই। দলের জন্য যে কোনো সময় নিজেদের উজাড় করে দিতে পারেন এই পাঁচ সিনিয়র ক্রিকেটার। তবে ইনজুরি নিয়ে ভয় আছে এই পাঁচ জনের। বিশেষ করে অধিনায়ক মাশরাফিতো লড়াই চালিয়ে যাচ্ছেন ইনজুরি নিয়েই। ইনজুরি আক্রান্ত না হলে এই পাঁচ জনের বিশ্বকাপ দল থেকে বাদ পড়ার কোনো কারণ নেই।

অন্যদিকে ফর্মে না থাকা তরুণ সৌম্য, লিটন, মোসাদ্দেক হোসেন ও সাব্বিরকে এখানে বড় পরীক্ষাই দিতে হবে। দেশ ছাড়ার আগে ঢাকা প্রিমিয়ার লীগে এই তিন জনের পারফরম্যান্স আহামরি ছিল না। যদিও সৌম্য শেষ দুই ম্যাচে সেঞ্চুরি হাঁকিয়েছেন। এর মধ্যে আছে রেকর্ড গড়া ডাবল সেঞ্চুরিও। এরপরও অধিনায়ক মাশরাফি মনে করে দুই একটি সেঞ্চুরিকে ফর্মে থাকা বলা যায় না।

এদিকে বিশেষ করে সৌম্যের ঘাড়ে নিঃশ্বাস ফেলছেন আয়ারল্যান্ড সফরে থাকা তরুণ ইয়াসির আলী রাব্বি ও ফরহাদ রেজা।

এছাড়াও স্পিনার হিসেবে মেহেদী হাসান মিরাজের উপর ভরসা শতভাগ রাখা যায়। কিন্তু ইংলিশ কন্ডিশন বলে কথা। পেসারদের জন্যই কঠিন হয়ে যাবে। সেখানে স্পিনারদের জন্য আরো কঠিন হবে প্রতিপক্ষের ব্যাটসম্যানদের নিয়ন্ত্রণ করা। দেশ ছাড়ার আগে নিজের ফর্ম খুব একটা প্রমাণ করতে পারেননি মিরাজ।

তাই ত্রিদেশীয় সিরিজে সুযোগ পেলে তাকে কাজে লাগাতে হবে। নয়তো তার ঘাড়েও নিঃশ্বাস ফেলছেন তরুণ অফস্পিনার নাঈম হাসান।

পেসারদের মধ্যে সাইফউদ্দিন ও রাহীর জন্য আছে কঠিন চ্যালেঞ্জ। তাদের আয়ারল্যান্ড সিরিজে শুধু ভালো বল করলেই চলবে না শতভাগ ফিটও থাকতে হবে। যদি তাদের কেউ ইনজুরি বা ফর্মের কারণে ছিটকে পড়েন দল থেকে তাহলে বিকল্প হিসেবে আছেন আরেক পেসার তাসকিন আহমেদ।

যদিও তাসকিন নিজেও মাত্র ইনজুরি থেকে ফিরেছেন। ত্রিদেশীয় সিরিজে সুযোগ পেলে তাকেও নিজের সক্ষমতা প্রমাণ করতে হবে।

নিজেদের প্রস্তুতি ম্যাচে হেরে লিটন দাস দায়ী করলেন ভাল খেলতে না পারাটাকেই, ‘উইকেট এবং মাঠ অনুযায়ী ৩০০+ খুব বেশি রান ছিল না। আমরা ভাল ক্রিকেট খেলিনি তাই হেরেছি। জিততে পারলে প্রস্তুতিটা আরো ভাল হতো।

আবার, ছোট মাঠেও এমন ব্যাটিং ধসের পিছনেরও ব্যাখ্যা দিয়েছেন লিটন৷ বেশিরভাগ ব্যাটসম্যানই ক্যাচ তুলে আউট হয়েছেন। লিটন বলেন, ‘যেহেতু ছোট মাঠ। ছয় মারার চেষ্টা করেছি। তখন মিসহিট হওয়ার চান্স থাকে।’ তবে বড় মাঠে এমনটা হবে না এমনটা জানান লিটন।

মাশরাফি বাহিনী নিজেদের প্রথম ম্যাচে জয় দিয়ে সিরিজ শুরু করবে এমনটাই কোটি ক্রিকেট প্রেমীর প্রত্যাশা।

স/এষ্