একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের বিপুল বিজয় উদযাপন করতে আগামীকাল শনিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত হবে বিজয় সমাবেশ। এই সমাবেশটি স্মরণকালের সর্ববৃহৎ সমাবেশ হবে বলে জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
‘বিজয় সমাবেশ’–এর প্রস্তুতি দেখতে আজ শুক্রবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে যান ওবায়দুল কাদের। আগামীকাল দুপুরে আয়োজিত এই সমাবেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সমাবেশস্থলে নৌকা আকৃতির বিশাল মঞ্চ তৈরির পাশাপাশি চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। সেখানে তিনি সাংবাদিকদের কাছে এ কথা বলেন।
সংলাপের প্রসঙ্গে জানতে চাইলে কাদের বলেন, ‘সংলাপে অংশ নেওয়া দলগুলোর সঙ্গে প্রধানমন্ত্রী গণভবনে কবে শুভেচ্ছা বিনিময় করবেন, তা চিঠি দিয়ে জানিয়ে দেওয়া হবে।’
দলের জন্য যারা ত্যাগ স্বীকার করেছেন, সংরক্ষিত আসনে তাদের মূল্যায়ন করা হবে বলে জানিয়েছেন ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘দলের দুঃসময়ে যারা দলের জন্য কাজ করেছেন, সংরক্ষিত নারী আসনে সেই ত্যাগী নেতাকর্মীদের বেশি মূল্যায়ন করা হবে।’
ওবায়দুল কাদের বলেন, রাজনীতির অভিজ্ঞতা থেকে দেখেছি, ঐক্যফ্রন্ট গঠনের মধ্যেই ভাঙার উপাদান ছিল। সেই ফ্রন্ট না টেকারই কথা। তা ছাড়া যেখানে বিএনপিতে ভাঙার সুর ধরেছে, সেখানে ঐক্যফ্রন্ট তো ভাঙবেই।
স/এষ্

