নেপালের কাঠমান্ডুতে ইউএস-বাংলা এয়ারলাইন্সের বিমান বিধ্বস্ত হয়ে নিহতদের পরিবার কমপক্ষে ৫০ হাজার মার্কিন ডলার করে ক্ষতিপূরণ পাবেন বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এ কে এম শাহজাহান কামাল।
বুধবার (১১ এপ্রিল) সচিবালয়ের মন্ত্রণালয়ের সভাকক্ষে এ উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিমানমন্ত্রী এ কথা জানান।
গত ১২ মার্চ কাঠমান্ডুর ত্রিভুবন বিমানবন্দরে ইউএস-বাংলার একটি বিমান বিধ্বস্ত হলে ৭১ আরোহীর মধ্যে ৫০ জনের মৃত্যু হয়। এর মধ্যে চার ক্রুসহ ২৭ জন ছিলেন বাংলাদেশি।
শাহজাহান কামাল বলেন, ‘ওয়ারসো কনভেনশন অনুযায়ী নিহতদের প্রতি পরিবার ইন্স্যুরেন্স কোম্পানি কাছ থেকে আনুমানিক ৫০ হাজার মার্কিন ডলার করে ক্ষতিপূরণ পাবেন। এ জন্য তাঁদের কিছু আইনি প্রক্রিয়া শেষ করতে হবে।’
ইন্স্যুরেন্স কোম্পানি নিহতদের পরিবারকে এ ক্ষতিপূরণ দেবে; আহতরাও ইন্স্যুরেন্স কোম্পানির কাছ থেকে ক্ষতিপূরণ পাবেন। নিহতদের পরিবার যাতে ঠিকমতো ক্ষতিপূরণের অর্থ পায়, সে জন্য সিভিল এভিয়েশনের আইনজীবীদের সহায়তা করতে নির্দেশ দেন বিমানমন্ত্রী।
সংবাদ সম্মেলনে ইউএস-বাংলা এয়ারলাইন্সের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইমরান আসিফ জানান, বিমান দুর্ঘটনায় আহত-নিহত সবার নাম-ঠিকানা তাঁদের কাছে আছে। ইন্স্যুরেন্সের ক্ষতিপূরণ দেওয়ার ক্ষেত্রে বাংলাদেশের বিদ্যমান আইন অনুযায়ী উত্তরাধিকারীর প্রমাণপত্র দিতে হবে।
ইমরান আসিফ বলেন, ইন্স্যুরেন্স কোম্পানি আইনজীবী নিয়োগ দিয়েছে, যিনি প্রত্যেক পরিবারের সঙ্গে যোগাযোগ রাখছেন। কী কী তথ্য লাগবে, তা পরিবারগুলোকে জানিয়ে দেওয়া হয়েছে।
সংবাদ সম্মেলনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন সচিব এস এম গোলাম ফারুকসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
স/এষ্

