যশোর রোডকে (যশোর-বেনাপোল মহাসড়ক) চার লেনে উন্নীত করতে এর দু’পাশের শতবর্ষী দুই হাজারের বেশি গাছ কাটার সিদ্ধান্ত প্রত্যাহারে সরকারকে লিগ্যাল (আইনি) নোটিশ পাঠিয়েছেন এক আইনজীবী।
সোমবার (১৫ জানুয়ারি) বেসরকারি স্টেট ইউনিভার্সিটির শিক্ষক শেখ মো. মহিবুল্লাহর পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী ইশরাত হাসান রেজিস্ট্রি ডাকযোগে সংশ্নিষ্টদের কাছে এ নোটিশ পাঠান।
আগামী সাত দিনের মধ্যে সড়ক ও জনপথ সচিব, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক, খুলনা জেলা প্রশাসক ও যশোরের পুলিশ সুপারকে এ নোটিশের জবাব দিতে বলা হয়েছে।
আইনজীবী ইশরাত হাসান জানান, সংবিধানের ১৮(ক) অনুচ্ছেদে বলা আছে সরকার বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য পরিবেশ সংরক্ষণ ও উন্নয়ন করবে। গাছ পরিবেশের ভারসাম্য রক্ষা করে। এছাড়া শতবর্ষী গাছগুলো দেশের ঐতিহ্য। তাই গাছ কাটার সিদ্ধান্ত সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক। নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ না করা হলে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান এ আইনজীবী।
সড়ক বড় করতে যশোর-বেনাপোল সড়কের শতবর্ষী দুই হাজারের বেশি গাছ কাটার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ঐতিহ্যবাহী এসব গাছ রক্ষায় এরই মধ্যে সরব হয়ে উঠেছে সচেতন মহল ও পরিবেশবাদী বিভিন্ন সংগঠন।
স/এষ্

