আপনারা জানেন, ১৯৯৭ সালের ২রা ডিসেম্বর পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (পিসিজেএসএস) এর সাথে বাংলাদেশ সরকারের চুক্তির মধ্য দিয়ে পাহাড়ের আদিবাসীদের মাঝে শান্তি ফিরে এসেছিল। পাহাড়ের আদিবাসীদের অধিকার রক্ষা এবং শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে স্বাক্ষরিত চুক্তির দুই দশক পূর্ণ হতে চললেও চুক্তির পূর্ণ বাস্তবায়ন এখনো হয়নি। এর ফলে পার্বত্য অঞ্চলের আদিবাসীদের মধ্যে অবিশ্বাস দিনদিন বৃদ্ধি পেয়েছে। চুক্তির পূর্ণ বাস্তবায়ন না হওয়ায় সেখানকার আদিবাসীরা ভূমির অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। এছাড়াও পার্বত্য এলাকায় প্রতিনিয়ত অত্যাচার, নিপীড়ণ, হত্যা, ধর্ষণ, অপহরণ, মামলা-হামলা, উচ্ছেদ, অগ্নিসংযোগ, পাহাড় ও বন ধ্বংস, ভূমি দখল এবং বহিরাগতদের অনুপ্রবেশ বৃদ্ধি পেয়েছে। আমরা মনেকরি, পার্বত্য চুক্তির বাস্তবায়ন ও শান্তি প্রতিষ্ঠা সম্ভব।
পার্বত্য চট্টগ্রাম চুক্তির দুই দশক (১৯৯৭-২০১৭) পূর্তি উপলক্ষে পার্বত্য চট্টগ্রাম চুক্তির পূর্ণ বাস্তবায়ন এবং সমতল আদিবাসীদের জন্য পৃথক ও স্বাধীন ভূমি কমিশন গঠনের দাবিতে আগামী ২রা ডিসেম্বর ২০১৭ শনিবার, বিকাল ৩ ঘটিকায় নগরীস্থ মুক্তিযুদ্ধ পাঠাগার, আলুপট্টি, রাজশাহীতে এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে। আলোচনা সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করবেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ফোকলোর বিভাগের সহকারী অধ্যাপক ড. মোঃ আমিরুল ইসলাম (কনক)। আলোচক হিসেবে উপস্থিত থাকবেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. সুজিত সরকার এবং রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ। সভায় সভাপতিত্ব করবেন জাতীয় আদিবাসী পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি রবীন্দ্রনাথ সরেন।
স/মা

