সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের উপস্থিতিতে ঢাকা মেট্রোরেল প্রকল্পের রেলকোচ এবং রেলট্রাক সংগ্রহে সরবরাহ প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি স্বাক্ষর হয়েছে।
রোববার রাজধানীর একটি হোটেলে নির্মাণ ঠিকাদারি প্রতিষ্ঠান জাপানের কাওয়াসাকি-মিতসুবিশি কনসোটিয়াম এবং মেট্রোরেল বাস্তবায়ন সংস্থা ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড-ডিএমটিসিএল এর মধ্যে এ চুক্তি স্বাক্ষর হয়।
চুক্তির আওতায় প্রায় ৪ হাজার ২শ ৫৭ কোটি টাকা ব্যয়ে রেলকোচ ও রেলট্রাক ছাড়াও রোলিং স্টক, ট্রেন সিমুলেটর, ডিপোর যন্ত্রপাতি, খুচরা যন্ত্রাংশ এবং সংশ্লিষ্টদের দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণ অন্তর্ভুক্ত রয়েছে।
অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে সেতুমন্ত্রী বলেন, মেট্রোরেলের কোচগুলো হবে আধুনিক ও উচ্চ গুণগত মানসম্পন্ন মরিচাহীন ইস্পাত দ্বারা নির্মিত এবং শীতাতপ নিয়ন্ত্রিত। কোচের আসনগুলো লম্বালম্বিভাবে সাজানো থাকবে এবং প্রতি ট্রেনে দু’টি হুইল চেয়ারের ব্যবস্থা থাকবে।
এসময় মন্ত্রী এ প্রকল্পে অর্থায়নের জন্য জাপান সরকার এবং জনগণকে আন্তরিক কৃতজ্ঞতা জানান।
চুক্তিপত্রের পক্ষে মেট্রোরেলের প্রকল্প পরিচালক ও ডিএমটিসিএল’র ব্যবস্থাপনা পরিচালক আফতাব উদ্দিন তালুকদার এবং কাওয়াসাকি-মিটসুবিশি কনসোটিয়ামের পক্ষে মাকোতা ওগাওয়ারা স্বাক্ষর করেন।
অনুষ্ঠানে অন্যান্যের মাঝে বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত মাসাতো ওয়াতানাবে, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য নাজমুল হক প্রধান, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এমএএন ছিদ্দিক, জাইকার চিফ রিপ্রেজেন্টেটিভ তাকাতোশি নিশিকাতা বক্তব্য রাখেন।
এছাড়া ঢাকা যানবাহন সমন্বয় কর্তৃপক্ষ-ডিটিসিএ’র নির্বাহী পরিচালক সৈয়দ আহম্মেদসহ সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং প্রকল্পের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
স/এষ্

