আশুলিয়া :
পল্লী মঙ্গল কর্মসূচী (পিএমকে) প্রতিষ্ঠার ৩০ বছর পূর্তি উদযাপনের লক্ষ্যে আজ শুক্রবার রাজধানী ঢাকার উপকণ্ঠ আশুলিয়ার জিরাব এলাকায় মমতা পল্লী রিসোর্টে সংস্থায় কর্মরত সকল স্টাফদের নিয়ে এক কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
উক্ত সম্মেলনে সহযোগী প্রতিষ্ঠান পল্লী-কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)’র পরিচালনা পর্ষদের মাননীয় সভাপতি ডঃকাজী খলিকুজ্জামান আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
ড. কাজী খলিকুজ্জমান আহমদ বলেছেন, ‘ধান্দাবাজরা দখলদারিত্ব করে, নদী দখল করে, পানি দখল করে, বনাঞ্চল দখল করে, ব্যাংক থেকে টাকা নিয়ে টাকা ফেরত দেয় না। এই ধান্দাবাজদের সম্পর্কে আমাদের সতর্ক থাকতে হবে এবং যেখানে যেখানে আমরা পারি তাদেরকে সেখানে প্রতিহত করতে হবে। তা নাহলে আমাদের যতটুকু অর্জন এবং উন্নয়ন হয়েছে তা সবার কাছে পৌঁছাবে না।’
তিনি বলেন, অঙ্গীকার নিয়ে কাজ করতে হলে ছোট ছোট জিনিসগুলো দেখতে হবে এবং দায়িত্বের বাইরেও অনেক সময় কাজ করতে হবে। অন্যদের সঙ্গে সম্পৃক্ততা বাড়াতে হবে। যে সম্পদ আছে তার সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে সকলকে সচেষ্ট থাকতে হবে।’ তিনি বলেন, ‘সেখানে অঙ্গীকার আছে সেখানে সফলতা নিশ্চিত। অঙ্গীকার না থাকলে সফলতা সম্ভব নয়।’
তিনি আরো বলেন, ‘অর্থনৈতিক ও সামাজিকভাবে বাংলাদেশ দ্রুত এগিয়ে যাচ্ছে। আন্তর্জাতিক পরিমণ্ডলে আমাদের মাথা এখন অনেক ওপরে। আমরা এখন স্বল্পোন্নত দেশ থেকে বেরিয়ে আসার সড়কে উঠেছি। বেরিয়ে আসতে সময় আরো লাগবে, কিন্ত আমরা সেই সড়কে উঠেছি এবং তিনটি শর্তই পূরণ করে উঠেছি। যে কয়টি দেশ ইতিমধ্যে স্বল্পোন্নত দেশের কাতার থেকে বেরিয়ে এসেছে বা আগামী কয়েকদিনে বেরিয়ে আসতে যাচ্ছে তারা কেউই তিনটি শর্ত পূরণ করতে পারেনি। সুতরাং অন্যদের থেকে আমরা এগিয়ে আছি এবং সেজন্য বাংলাদেশের এখন আন্তর্জাতিক পরিমণ্ডলে মান-সম্মান অনেক বেশি।’
খলিকুজ্জমান বলেন, ‘আগে আমাদের কথা অন্যরা শুনতো না। এখন আমাদের কথা অন্যরা বলে। তারা বলে বাংলাদেশের নারী উন্নয়নের কথা। নারী উন্নয়ন অনেক হয়েছে, (যদিও আমাদের নারী উন্নয়ন অনেক বাকি)। শিক্ষার দিকে কতটা এগিয়েছি, স্বাস্থ্যের দিকে কতটা এগিয়েছি, অর্থনৈতিক দিকে কতটা এগিয়েছি সেটা এখন অন্যেরা বলে এবং অনেকেই এখন আন্তর্জাতিকভাবে আমাদেরকে উন্নয়নের মডেল হিসেবে চিহ্নিত করে।’
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিকেএসএফর সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক ডঃ জসীমউদ্দিন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পিএমকের প্রধান নির্বাহী কামরুননাহার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পিএমকের পরিচালনা পর্ষদের শ্রদ্ধেয় সভাপতি জনাব মোঃ মঞ্জুর আলী। অনুষ্ঠানে পিএমকের প্রধান নির্বাহী পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ, স্থানীয় এবং জাতীয় পর্যায়ের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।
স/ রা

