হাসি
– জয়নব জোনাকি
মুচকি হাসি অট্ট হাসি
কতো নামের হাসি ,
এরই মাঝে কিছু হাসি
পরায় গলে ফাঁসি।
উদাস দুপুর বাজায় যেন
রাখালিয়ার বাঁশি,
সখা-সখি হাসছে দুজন
বসে পাশাপাশি।
রাতের আকাশ তারার মেলায়
মিষ্টি চাঁদের হাসি,
গোলাপ জবা জুঁই চামেলি
হাসে বারোমাসই।
হিমেল বাতাস দোল দিয়ে যায়
সুখ যে রাশি রাশি,
পাকা ধানে চাষির মুখে
ঘামঝরানো হাসি।
সবুজ ঘাসে টলোমলো
শিশির কণার হাসি
ছোট্ট সোনা বাবুর হাসি
সবাই ভালোবাসি।
স/মা

