সুনামগঞ্জের বানভাসি মানুষের পাশে দাঁড়িয়েছে সালথা ব্লাড ডোনার্স ক্লাব
আবু নাসের হুসাইন।। সুনামগঞ্জ জেলার বিভিন্ন দুর্গম এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে ফরিদপুরের সালথা ব্লাড ডোনার্স ক্লাব। গতকাল শুক্রবার সংগঠনের তরুণ সমাজকর্মীরা এই জেলার বিভিন্ন গ্রামে গিয়ে ৪শত অসহায় মানুষকে ত্রাণসামগ্রী দেন।
প্রতিটি পরিবারের জন্য বরাদ্দ ছিল দেড় কেজি চিড়া, ১ কেজি মুড়ি, ৫০০ গ্রাম আখের গুড়, মোমবাতি ৩ পিস, ১টি গ্যাস লাইট, খাবার স্যালাইন ৫ পিস, ফিলমেট ট্যাবলেট ২০ পিস, খাবার পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট ৫০ পিস, প্যারাসিটমল ২০ পিস ও লেক্সাস বিস্কুট ছোট ১ প্যাকেট।

সালথা ব্লাড ডোনার্স ক্লাব সুত্রে জানা গেছে, গত ১৯ জুন সংগঠনটির ফেসবুক গ্রুপের এডমিন প্যানেল থেকে সুনামগঞ্জ-সিলেট জেলার অসহায় বানভাসি মানুষের পাশে দাঁড়ানোর জন্য আর্থিক সহযোগিতার আবেদন জানিয়ে; তাদের অফিসিয়াল ফেসবুক গ্রুপে একটি পোস্ট দেয়। তাদের ডাকে সাড়া দিয়ে সালথা উপজেলাসহ অন্যান্য এলাকারও কিছু মানুষ এগিয়ে আসে। অতঃপর তারা আর্থিক অনুদান থেকে প্রাপ্ত অর্থ এবং নিজেদের তহবিল থেকে অর্থ দিয়ে সুনামগঞ্জ জেলার বিভিন্ন দুর্গম এলাকায় বন্যায় দুর্দশাগ্রস্ত ৪শত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করে।
এছাড়া গত দুই মাসে তারা প্রায় ৪৫ জন রোগীর রক্তের ব্যাবস্থা করে দেয় বিনামূল্যে। এবং কিছুদিন আগে সালথার মাজার দিয়া ইউনিয়নের এক মুমূর্ষু শিশুকে ১০ হাজার টাকার আর্থিক সহায়তা প্রদান করে। তাদের এসব কর্মকাণ্ড সালথা উপজেলার মাঝে একটি সাড়া ফেলেছে। অল্প দিনের মাঝেই তারা খুব সুন্দর পারফরমেন্স দেখানোর কারণে, দিন দিন সালথা উপজেলার মাঝে তাদের জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে।
সালথা ব্লাড ডোনার্স ক্লাব, ফরিদপুর। “তুচ্ছ নয় রক্তদান, বাঁচাতে পারে একটি প্রাণ।” “হোক আজ একটি পণ, রক্ত দিয়ে বাঁচাতে সহায়তা করবো রোগীর জীবন” এরকম আরো স্লোগানকে সামনে রেখে পবিত্র রমজান মাসের ১২ তারিখে সালথা ব্লাড ডোনার্স ক্লাব যাত্রা শুরু করেছে ।
যারা দেশপ্রেম, সততা ও নিষ্ঠার চর্চা করেন; উপযুক্ত পরিবেশ পেলে দেশ বা সমাজের জন্যে কিছু করতে চান; নম্র ভদ্র বিনয়ী, উদার মন মানসিকতার অধিকারী, পদলোভী ও হিংসাপরায়ণ নয় তাদেরকে নিয়েই এই ব্লাড ডোনার্স পরিবারের পথ চলা। সকলের সার্বিক সহযোগিতা ও উন্নতি কামনা করেছেন সংগঠনের নেতৃবৃন্দ।
স/এষ্

