ঢাকায় জাতীয় চলচ্চিত্র কেন্দ্র নির্মাণের আশ্বাস দিয়ে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, ‘দীর্ঘদিন ধরেই চলচ্চিত্র নির্মাতা, কর্মীরা দাবি তুলছেন জাতীয় চলচ্চিত্র কেন্দ্রের। চলচ্চিত্র শিল্পের বিকাশ ও প্রসারের জন্য এ কেন্দ্র ভীষণ গুরুত্বপূর্ণ। এটি ঢাকার প্রাণকেন্দ্রেই নির্মিত হবে।’
শনিবার বিকালে রাজধানীর শিল্পকলা একাডেমির সেমিনার রুমে ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ অব বাংলাদেশ (এফএফএসবি) আয়োজিত ‘জাতীয় চলচ্চিত্র কেন্দ্র’ চাই শীর্ষক জাতীয় চলচ্চিত্র সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আশ্বাস দেন।
ভারত সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফেরার পরে চলচ্চিত্র কেন্দ্র নির্মাণের মূল মডেল ও প্রস্তাবনা উত্থাপন করবেন বলে জানান ইনু।
তিনি বলেন, ‘চলচ্চিত্র নতুন এজেন্ডা তৈরি করে বিতর্ক তৈরি করে। মানুষকে বদলে দেয়।’
অগণতান্ত্রিক প্রবণতা, কুসংস্কার, কূপমণ্ডুকতাকে রুখে দিতে চলচ্চিত্র আন্দোলনকে আরও বেগবান করে তুলতে ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ অব বাংলাদেশের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।
সভায় সভাপতির বক্তব্যে ‘নায়করাজ’ রাজ্জাক বলেন, ‘এখন চলচ্চিত্র আন্দোলনের কর্মী, নির্মাতারা দুটি ধারা তৈরি করে ফেলেছেন। এভাবে চলতে চলতে তারা পরস্পর বিচ্ছিন্ন হয়ে গেছে। একদিন দেখা যাবে, চলচ্চিত্রই ধ্বংস হয়ে গেছে। এখন উভয়পক্ষের মধ্যে চাই একতা।’
এতে আরও উপস্থিত ছিলেন অভিনেতা-নির্মাতা-প্রযোজক সৈয়দ হাসান ইমাম, সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাসিরউদ্দীন ইউসুফ বাচ্চু, চলচ্চিত্র নির্মাতা মসিহ্উদ্দিন শাকের, মোরশেদুল ইসলাম, বাংলাদেশ ফিল্ম আর্কাইভের সাবেক মহাপরিচালক জাহাঙ্গীর হোসেন, এফএফএসবির সভাপতি লায়লুন নাহার স্বেমি ও বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার।
সভায় জাতীয় চলচ্চিত্র কেন্দ্রের খসড়া উপস্থাপন করেন ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটির সভাপতি বেলায়াত হোসেন মামুন।
স/ এষ্

