শিক্ষামন্ত্রী বলেন, এরপরও যেসব বেসরকারি বিশ্ববিদ্যালয় মুনাফার লক্ষ্য নিয়ে চলতে চান নতুন শিক্ষার্থী ভর্তি বন্ধসহ তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
দেশের বাস্তবতা ও জনগণের আর্থ-সামাজিক অবস্থা বিবেচনায় নিয়ে শিক্ষার্থীদের ভর্তি ও টিউশন ফিসহ সার্বিক খরচ কমাতে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর প্রতি আহ্বান জানান শিক্ষামন্ত্রী।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান বলেন, “বেশ কিছু বেসরকারি বিশ্ববিদ্যালয় ব্যক্তি ও গোষ্ঠীস্বার্থে আইন না মেনে ছলচাতুরি করছে। কিছু বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে শিক্ষার্থীদের কাছ থেকে উচ্চহারে বেতন নিলেও শিক্ষাগত দক্ষতা বৃদ্ধি ও সুবিধা প্রদানে কার্পণ্য করার অভিযোগ রয়েছে।
“এটি সম্পূর্ণ অগ্রহণযোগ্য। এ ব্যাপারে শিক্ষা মন্ত্রণালয় ও ইউজিসি সম্পূর্ণ সজাগ। শিক্ষার্থীদের প্রতারণার হাত থেকে রক্ষা করতে আমরা দ্রুততম সময়ের মধ্যে ব্যবস্থা গ্রহণ করবো।”
শিক্ষার্থীদের জঙ্গিবাদের সম্পৃক্ততা থেকে রক্ষা করতে সবাইকে ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।
ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সমাবর্তনে এবার ১৬১০ জন শিক্ষার্থীকে স্নাতক ও স্নাতকোত্তর সনদ দেওয়া হয়; কৃতিত্বপূর্ণ ফলাফলের স্বর্ণপদক দেওয়া হয় জন্য ৬ শিক্ষার্থীকে।
সমাবর্তন বক্তা ছিলেন ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের উপাচার্য অধ্যাপক ড. জামিলুর রেজা চৌধুরী।
অন্যদের মধ্যে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. এম. রিজওয়ান খান ও বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান হাসান মাহমুদ রাজা বক্তব্য দেন।