মৃত ছেলের স্বপ্ন পুরণে চেয়ারম্যান প্রার্থী মা
হাফিজুর রহমান হৃদয়, কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামে মৃত ছেলের স্বপ্ন পুরনে ভোটের মাঠে চেয়ারম্যান প্রার্থী হয়েছেন মা আঞ্জুমান আরা বেগম। আগামী ২৮ নভেম্বর তৃতীয় ধাপের অনুষ্ঠিতব্য ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিনি নাগেশ্বরী উপজেলার ১৪ ইউনিয়নের মধ্যে একমাত্র নারী চেয়ারম্যান প্রার্থী। বল্লভেরখাস ইউনিয়নে অটোরিক্সা প্রতীক নিয়ে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্ধীতা করছেন তিনি।
ওই পদে আরও যারা লড়াই করছেন তারা হলেন আওয়ামীলীগ মনোনীত অমিত কুমার (নৌকা), আওয়ামীলীগ বিদ্রোহী আব্দুর রাজ্জাক (চশমা), সাবেক চেয়ারম্যান আব্দুল জলিল (মোটর সাইকেল), জাতীয়পার্টির আকমল হোসেন (লাঙ্গল), আফজাল হোসেন (আনারস), মাহাতাব আলী (ঘোড়া), কোরবান আলী (হাতপাখা), শামছুল আলম (টেবিল ফ্যান), মমিনুল ইসলাম (টেলিফোন)। ভোটের মাঠে যথানিয়মে সবাই ব্যাস্ত জনসমর্থন আদায়ে। দিচ্ছেন নানান প্রতিশ্রুতি।
স্বতন্ত্র প্রার্থী আঞ্জুমান আরাও দিবা-রাত্রি ছুটছেন ভোটারের দ্বারে দ্বারে। ছেলে আতিকুর রহমান রাজা জনসেবার যে ব্রত নিয়ে ২০১১ সালে প্রার্থী হয়েছিলেন সে অসম্পন্ন কাজ সম্পন্ন করতেই তিনি এবারে প্রার্থী।
তিনি জানান, কখনও ভাবেননি প্রার্থী হবেন। কিন্তু বড় ছেলে আতিকুর রহমান রাজার মৃত্যুই তাকে নির্বাচনের মাঠে টেনেছে। রাজা বরাবরই চেয়েছিল সুখে দুখে এলাকাবাসীর পাশে থাকতে। তিলে তিলে বাড়িয়েছেন জনপ্রিয়তা। এতেই ঈর্ষান্বিত হয়ে প্রতিপক্ষরা ২০১৫ সালের ৭ অক্টোবর তাকে রাতের আঁধারে নৃশংসভাবে খুন করে। তার অতৃপ্ত আত্মাকে শান্তি দিতে তিনি বিজয়ী হতে চান।
তাছাড়া তিনি একমাত্র নারী চেয়ারম্যান প্রার্থী। নিজের ও ছেলের গড়া ভোটের মাঠসহ মোট ভোটারের অর্ধেক ১০ হাজার ৩৭ জন মহিলা ভোটারের অধিকাংশ তার পক্ষে রায় দিলে হয়তো তিনি বিজয়ী হতে পারেন।
উল্লেখ্য বল্লভেরখাস ইউনিয়নে মোট ভোটার ২০ হাজার ২৮০ জন। এরমধ্যে পুরুষ ভোটার ১০ হাজার ২৪৩ জন ও মহিলা ভোটার ১০ হাজার ৩৭ জন।
স/অ

