ঢাকাশনিবার , ২৫ সেপ্টেম্বর ২০২১
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

মুন্সীগঞ্জে সংস্কার অভাবে নষ্ট হচ্ছে পানাম পুলঘাটা সেতু

চমক নিউজ মফস্বল বিভাগ
সেপ্টেম্বর ২৫, ২০২১ ১০:৩৯ অপরাহ্ণ
Link Copied!

মুন্সীগঞ্জে সংস্কার অভাবে নষ্ট হচ্ছে পানাম পুলঘাটা সেতু

এম এম রহমান,মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জ সদর উপজেলার রামপালে মোগল আমলে তৈরি হওয়া ঐতিহ্যবাহী পানাম পুলঘাটা সেতুটি তদারকির এবং সংস্কার অভাবে নষ্ট হচ্ছে বলে জানিয়েছেন স্থানীয়রা। চুন-সুরকি দিয়ে তৈরি ১৭১ ফুট দৈর্ঘ্যের সেতুটির কাঠামোর বিভিন্ন অংশ ইতিমধ্যে ভেঙে গেছে।

ঈদ, পূজা ও পয়লা বৈশাখের মতো উৎসবের দিনে শত শত দর্শনার্থীর ভিড় জমে সেতুর ওপরে। শুধু তাই নয়, প্রতিদিন জেলার বিভিন্ন স্থান থেকে দর্শনার্থীরা আসছেন সেতুটি দেখার জন্য। অযত্ন আর অবহেলার কারনে সেতুটি দিন দিন ক্ষতিগ্রস্ত হচ্ছে।

সরেজমিনে ঘুরে দেখা গেছে, রামপাল ইউনিয়নের পানাম এলাকায় কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে মুঘল আমলে তৈরি ইটের সেতু। সেতুটি ব্যবহার করে টঙ্গীবাড়ী উপজেলার আব্দুল্লাপুর, বেতকাসহ বিভিন্ন এলাকার মানুষ রামপাল এবং মিরকাদিম এলাকায় নিয়মিত যাতায়াত করছেন।

অটো মিশুকসহ বিভিন্ন ধরনের হালকা এবং মাঝারি আকারের যানবাহন সেতুটির উপর দিয়ে চলাচল করছে। কিন্তু, অযত্ন আর অবহেলায় ভেঙে পড়েছে সেতুটির রেলিং, দেখা দিয়েছে ফাটল। তাছাড়া সেতুর কাঠামোগুলোও সংস্কার অভাবে ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে।

সংস্কারের অভাবে ঐতিহাসিক এ নিদর্শনটির এখন বেহাল দশা। নিরাপত্তার জন্য দেয়া রেলিং ভেঙে গেছে। তারপর কোথাও কোথাও দেখা দিয়েছে ফাটল। দৃষ্টিনন্দন সেতুটি রক্ষায় দ্রুত সংস্কারের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

স্থানীয় মুরুব্বি আলী আহম্মেদ জানান, ছোটবেলায় এই সেতুর উপর থেকে অনেক লাফালাফি করে খালে গোসল করেছি। সংস্কার অভাবে চোখের সামনে সেতুটি নষ্ট হতে দেখে খুব কষ্ট লাগে। পুলঘাটার অন্যতম আকর্ষনীয় এই পুরাকীর্তি দেখতে ভিড়ও করে দর্শনার্থীরা।

বিকেল হলেই সেতুটিতে দর্শনার্থীদের আনাগোনা বেড়ে যায়। সেতুটি অনেক পুরানো এবং ঐতিহ্যবাহী। ঐতিহ্য রক্ষায় সেতুটির সংস্কার খুব জরুরি। এছাড়াও সেতুটি মেরামতের কোনো উদ্যোগ না নেয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় অনেকে। প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আওতাধীন সেতুটি রক্ষায় যথাযথ ব্যবস্থা গ্রহণে এগিয়ে আসবে সংশ্লিষ্টরা। এমনটাই প্রত্যাশা করেছেন স্থানীয়রা।

রামপাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. বাচ্চু শেখ বলেন, ব্রিজটি আমাদের প্রত্নতাত্তিক সম্পদ। সেতুটি সংস্কারের জন্য একাধিকবার অনুরোধ করা হয়েছে কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তা আমলে নেয়নি। প্রত্নতাত্তিক সম্পদ রক্ষার জন্য যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

স/অ