ঢাকা-চট্টগ্রাম রেলপথের ব্রাহ্মণবাড়িয়ায় ঢাকাগামী তিতাস কমিউটার ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হয়েছে। এর ফলে ডাউন লাইনে ঢাকার সঙ্গে চট্টগ্রামের ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন সংলগ্ন পুনিয়াউট রেলক্রসিংয়ের সামনে এ ঘটনা ঘটে বলে জানান ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের সহকারী মাস্টার মো. মাঈনুল হক।
তিনি জানান, দুপুরে তিতাস কমিউটার ট্রেনটি ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন থেকে ঢাকায় ছেড়ে যাওয়ার উদ্দেশ্যে ইঞ্জিন ঘুরিয়ে আনার সময় পুনিয়াউট রেলক্রসিংয়ের সামনে লাইনচ্যুত হয়। এতে করে ডাউন লাইনে সাময়িক সময়ের জন্য ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়ে। লাইনচ্যুত ইঞ্জিনটি লাইন থেকে সরিয়ে নেয়ার চেষ্টা চলছে। কিছু সময়ের মধ্যে ট্রেন চলাচল স্বাভাবিক হবে।
স/শা

