নোঈম ইসলাম :
আজ সচেতন নাগরিক কমিটি (সনাক), গাজীপুর, টিআইবি প্রশ্ন ফাঁসের ফলাফল এবং প্রভাব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং প্রশ্নফাঁস রোধে কার্যকর উদ্যোগ গ্রহণের জন্য গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ের সম্মুখে সকাল ১১.০০ টায় মানববন্ধনের আয়োজনকরা হয়। বর্তমান সময়ে সবচেয়ে আলোচিত একটি বিষয় প্রশ্ন ফাঁস। প্রাথমিক সমাপনী পরীক্ষা থেকে শুরু করে জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা, এসএসসি, এইচএসসি, ভর্তি পরীক্ষাসহ বিভিন্ন চাকরির পরীক্ষায় প্রশ্ন ফাঁসের যে মহামারী শুরু হয়েছে, তা অত্যন্ত বেদনাদায়ক। পরীক্ষার আগেই প্রশ্ন পাওয়া যাচ্ছে এবং তা মুহূর্তের মধ্যেই বিভিন্ন মাধ্যমে সারা দেশে ছড়িয়ে পড়ছে। অনেক সময় আগাম ঘোষণা দিয়ে প্রশ্ন ফাঁস করা হচ্ছে। প্রশ্ন ফাঁসের কারণে শিক্ষা ক্ষেত্রে প্রতিযোগিতার সুষ্ঠু পরিবেশ ব্যাহত হচ্ছে, পড়ালেখার প্রতি আগ্রহ হারাচ্ছে শিক্ষার্থীরা। হতাশা দানা বাঁধছে তরুণ প্রজন্মের মাঝে। প্রশ্ন ফাঁসের ঘটনা দেশের পুরো শিক্ষাব্যবস্থাকেই বিপর্যস্ত করে তুলেছে, যা জাতির ভবিষ্যতের জন্য এক অশনিসংকেত।
অব্যাহত প্রশ্ন ফাঁসের ঘটনায় ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) ও এর অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি(সনাক), স্বচ্ছতার জন্য নাগরিক (স্বজন), ইয়ুথ এনগেজমেন্ট অ্যান্ড সাপোর্ট (ইয়েস) ও ইয়েস ফ্রেন্ডস গ্রুপ উদ্বিগ্ন। সনাক, স্বজন, ইয়েস ও ইয়েস ফ্রেন্ডস গ্রুপ মনে করে, পাবলিক পরীক্ষায় প্রশ্ন ফাঁস হওয়া বড় ধরনের দুর্নীতি এবং এটি শিক্ষা খাতে সুশাসনের জন্য বড় চ্যালেঞ্জ। শিক্ষা ব্যবস্থার কিছু ক্ষেত্রে সুশাসনের ঘাটতি এবং প্রশ্ন ফাঁসের সাথে জড়িতদের জবাবদিহিতার আওতায় আনতে না পারার পাশাপাশি শিক্ষক-শিক্ষার্থী-অভিভাবকসহ জনগণের সচেতনতার অভাবেও প্রশ্ন ফাঁস রোধ করা সম্ভব হচ্ছে না। এ জন্য দেশব্যাপী দুর্নীতিবিরোধী চাহিদা ও সুশাসন প্রতিষ্ঠায় সহায়ক পরিবেশ সৃষ্টির লক্ষ্যে পরিচালিত কার্যক্রমের অংশ হিসেবে প্রশ্ন ফাঁসের কারণ, ফলাফল ও প্রভাব সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি এবং প্রশ্ন ফাঁস রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবিতে দেশের ৪৫টি সনাক এলাকায় ও ঢাকায় একই দিনে ও সময়ে একযোগে মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়েছে। মানববন্ধনে সমাপনী বক্তব্য রাখেন গাজীপুরের জেলা প্রশাসক ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর। উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) খন্দকার ইয়াসির আরেফিন। জেলা প্রশাসক বলেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রশ্ন ফাঁসরোধে জোড় উদ্যোগ গ্রহণ করেছে পাশাপাশি অভিভাবকদেরও সচেতন হওয়া ছাড়া রোধ করা সম্ভব নয়। স্বজন সদস্য লিয়াকত চৌধুরীর সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন সনাকের সহ-সভাপতি মুকুল কুমার মল্লিক, ফাতেমা জোহরা, সনাকের সদস্য অধ্যাপক এম. এ. বারী, অধ্যাপক শহীদ উল্যা, স্বজন সদস্য ডা. লোকমান হোসেন, বীর মুক্তিযোদ্ধা অনিল কুমার মন্ডল, হাতেম আলী, ইয়েস ফ্রেন্ডস সদস্য মিথিলা আকন্দ। মানববন্ধনে সমাজের বিভিন্ন পর্যায়ের সুশীল সমাজের প্রতিনিধি, সাংবাদিক, ইয়েস, ইয়েস ফ্রেন্ডস সদস্য, হাড়িনাল উচ্চ বিদ্যালয়, শহীদ ক্যাডেট একাডেমি এর শিক্ষার্থীবৃন্দ অংশগ্রহণ করে।
স/এষ্

