দ্রুততম সময়ের মধ্যে ঢাকা-গৌহাটির মধ্যে ফ্লাইট চালু করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। বাংলাদেশ বিমান ও নভোএয়ার এ ফ্লাইট চালু করবে বলে জানা গেছে।
এছাড়াও পর্যটন শিল্প বিকাশের সম্ভাবনার পরিপ্রেক্ষিতে বাংলাদেশ ও ভারতের আসাম রাজ্যের মধ্যে এ সংক্রান্ত একটি সমঝোতা স্মারক (এমওইউ) সইয়েও বাংলাদেশ ও ভারত ঐক্যমত হয়েছে।
বুধবার (২০ ডিসেম্বর) বিকেলে সচিবালয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেননের সঙ্গে ভারতের আসাম রাজ্যের অর্থমন্ত্রী হিমান্ত বিশ্ব শর্মার নেতৃত্বে একটি প্রতিনিধিদলের বৈঠকে এসব সিদ্ধান্ত গৃহীত হয়।
বৈঠককালে রাশেদ খান মেনন আগামী বছরের ৩-৪ ফেব্রুয়ারি আসামের রাজধানী গৌহাটিতে অনুষ্ঠিতব্য ‘গ্লোবাল ইনভেস্টমেন্ট সামিট’-এ অংশগ্রহণের জন্য চিঠি পাঠানোয় আসামের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনোয়ালকে ধন্যবাদ জানান।
আসামের অর্থমন্ত্রী জানান, ৩৪ মিলিয়ন জনসংখ্যা অধ্যুষিত আসাম ভারতের উত্তর-পূর্বাঞ্চলের সবচেয়ে বড়রাজ্য। রাজ্য সরকার এখানে বিনিয়োগবান্ধব পরিবেশ সৃষ্টির জন্য অবকাঠামোগত উন্নয়ন ও আইন প্রণয়ন করেছে, যেখানে বাংলাদেশি উদ্যোক্তারা কৃষি, খাদ্য প্রক্রিয়াজাতকরণ, আইটি, পেট্রো কেমিক্যাল, ফার্মাসিউটিক্যালস ও ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি সেক্টরে বিনিয়োগের পূর্ণ সুবিধা গ্রহণ করতে পারে।
বৈঠকে আসামের প্রতিনিধি দলে রাজ্যের গণপূর্ত মন্ত্রী পরিমল শুক্লাবাইদা, অতিরিক্ত মুখ্য সচিব অলোক কুমার এবং কমিশনার ও সচিব শ্যাম জগন্নাথ প্রমুখ উপস্থিত ছিলেন।
এদিকে, বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের পক্ষে অতিরিক্ত সচিব মো. ইমরান ও আবুল হাসনাত জিয়াউল হক, যুগ্মসচিব এটিএম নাসির মিয়া ও হাবিবুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
স/এষ্

