উইমেন সাপোর্ট ও এনজিও’র সমন্বয়ে স্টিয়ারিং কমিটির ২৩তম সভা অনুষ্ঠিত
আবদুল কাদের সাইফুল: ঢাকা মেট্রোপলিটন পুলিশের উইমেন সাপোর্ট এন্ড ইনভেস্টিগেশন ডিভিশনে অনুষ্ঠিত হলো। ভিকটিম সাপোর্ট সেন্টার পরিচালনা সংক্রান্ত বাংলাদেশ পুলিশ ও সহযোগী এনজিওদের সমন্বয়ে গঠিত স্থানীয় স্টিয়ারিং কমিটির ২৩তম সাধারণ সভা।
রবিবার (১৪ নভেম্বর) উক্ত সভাটি অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ডিএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার কৃষ্ণ পদ রায় বিপিএম (বার), পিপিএম।
এ সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশ উইমেন নেটওয়ার্কের সভাপতি বাংলাদেশ পুলিশের উপ-মহাপুলিশ পরিদর্শক (বিশেষ গোয়েন্দা শাখা) আমেনা বেগম বিপিএম। উক্ত ডিভিশনের উপ-পুলিশ কমিশনার হামিদা পারভিন পিপিএম, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, সমাজসেবা অধিদপ্তর এবং সহযোগী এনজিও’র প্রতিনিধিগণ।
সভার মূল আলোচ্য বিষয় ছিল সহযোগী এনজিও সমূহের সাথে MOA সম্পন্নকরণ ও নবায়ন। নতুন প্রতিষ্ঠানকে সহযোগী এনজিও হিসেবে অন্তর্ভুক্তিকরণ, বয়স্ক, প্রতিবন্ধী ও ছেলে শিশু ভিকটিমদের সহায়তা ও পুনর্বাসনের ব্যবস্থাকরণ, করোনাকালীন পরিস্থিতি ও ভবিষ্যতে উদ্ভূত এরূপ পরিস্থিতিতে করণীয় এবং সমসাময়িক নানা বিষয়।
সভায় বক্তারা প্রতি ৩ মাস অন্তর স্টিয়ারিং কমিটির মিটিং আয়োজনের পক্ষে অভিমত ব্যক্ত করেন এবং এ পদক্ষেপের মাধ্যমে ভিকটিমদের সেবাদান আরও বেশি গতিশীল হবে বলে মনে করেন।
এ ডিভিশনের সম্মানিত উপ-পুলিশ কমিশনার সুষ্ঠু তদন্ত ও ন্যায় বিচারের ক্ষেত্রে অন্তরায় হিসেবে ভিকটিমের ডিএনএ সনদ ও মেডিকেল সনদ প্রাপ্তির ক্ষেত্রে বিলম্বের বিষয়টি তুলে ধরেন এবং উপস্থিত বক্তাগণ অনতিবিলম্বে এ সমস্যা দূর করার পক্ষে ঐক্যমত পোষণ করেন।
এনজিও গুলোর প্রতিনিধিদের সাথে উইমেন সাপোর্ট এন্ড ইনভেস্টিগেশন সেন্টারের কর্মকর্তাদের একটি সফল অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ায় উপস্থিত সকলে সন্তোষ প্রকাশ করেন। এমনকি, তারা ভবিষ্যতে এ ধরনের অনুষ্ঠান আরো বেশি করে আয়োজন করার পরামর্শ দেন।
স/অ

