সরকারের ডিজিটাইজেশনের অংশ হিসেবে জাতীয় আর্কাইভ তৈরি করার উদ্যোগ নেওয়া হয়েছে। জাতীয় এ আর্কাইভে থাকবে ২৫ মিলিয়ন বা আড়াই কোটি পৃষ্ঠা।
রোববার সংসদ ভবনে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ১৯তম বৈঠকে এ তথ্য জানানো হয়।
বৈঠক সূত্র জানায়, ২০২০ সালের মধ্যে জাতীয় আর্কাইভস ও জাতীয় গ্রন্থগার অধিদফতর এই ডিজিটালাইজেশনের কাজ করবে। বর্তমানে ডিজিটালাইজেশনের চলমান কাজে জাতীয় আর্কাইভে ১ দশমিক ২৫ মিলিয়ন পৃষ্ঠা ডিজিটালাইজড করা হয়েছে। প্রকল্পটি অনুমোদন পেলে ২৫ মিলিয়ন পৃষ্ঠা ডিজিটালাইজেশনের আওতায় আনা সম্ভব হবে, যা অনলাইনের মাধ্যমে সাধারণ মানুষের নাগালে আসবে।
কমিটির সভাপতি সিমিন হোসেন রিমির সভাপতিত্বে বৈঠকে সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর, কাজী কেরামত আলী, মমতাজ বেগম, পংকজ নাথ এবং জেবুন্নেছা আফরোজ উপস্থিত ছিলেন।
বৈঠক শেষে কমিটির সদস্য কাজী কেরামত আলী জানান, আর্কাইভে আঠারো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বিশেষ ব্যবস্থায় আগামী ৫০০ বছরের জন্য তথ্যগুলো সংরক্ষিত থাকবে। তবে প্রকল্পটি এখনও অনুমোদন পায়নি।
এ প্রকল্পকে দ্রুত অনুমোদন দিতে সংসদীয় কমিটি সুপারিশ করেছে বলে জানান কমিটির সদস্য কাজী কেরামত আলী।
স/ এষ্

