নম্বর না বদলিয়ে অপারেটর পরিবর্তন সেবা বা এমএনপি চালুর আগেই অভিন্ন কলরেট চালু হতে পারে। এজন্য খসড়া তৈরি করে তা অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। খসড়া কলরেটে ৪০ পয়সা অভিন্ন রেট প্রস্তাব করা হয়েছে। অর্থমন্ত্রণালয় এ কলরেট চূড়ান্ত করে পাঠালে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় তা প্রকাশ করবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। এই সেবা আগস্টের ১ তারিখে চালু হতে পারে।
অন্যদিকে এমএনপির টেস্টিং শুরু করেছে গ্রামীণফোন, রবি ও বাংলালিংক। রাষ্ট্রায়ত্ব মোবাইলফোন অপারেটর টেলিটক এমএনপি নেটওয়ার্কে এখনও যুক্ত হয়নি। সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি ল্যান্ডফোন বিটিসিএল (বাংলাদেশ টেলিযোগাযোগ কোম্পানি লিমিটেড) ও পিএসটিএন (প্রাইভেট সুইচ টেলিফোন নেটওয়ার্ক) অপারেটর কীভাবে এই প্রক্রিয়ায় যুক্ত হবে। তবে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রীর আশা, বিটিসিএল এমএনপি নেটওয়ার্কে আসতে অসহযোগিতা করবে না।
প্রসঙ্গত, দেশে দুই ধরনের কলরেট চালু আছে, অননেট ও অফনেট। অননেট (একই মোবাইল নেটওয়ার্ক) ও অফনেট (এক নেটওয়ার্ক থেকে অন্য নেটওয়ার্কে) তুলে দিয়ে সরকার মোবাইল ফোন অপারেটরগুলোর জন্য ‘একটিই কলরেট’ চালু করতে যাচ্ছে। এমএনপি (মোবাইল নম্বর পোর্টেবিলিটি) সেবা চালুর আগেই এক কলরেট চালু হতে পারে, যার সুফল পাবেন মোবাইলফোন ব্যবহারকারীরা। মোবাইল ফোন ব্যবহারকারীদের ভালো নেটওয়ার্ক ও কম খরচে উন্নত সেবা দিতে আসছে নম্বর না বদলিয়ে অপারেটর পরিবর্তন সেবা বা এমএনপি। কিন্তু এতে প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছে অননেট ও অফনেট কলরেট।
জানতে চাইলে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী মোস্তাফা জব্বার বলেন, ‘৪০ পয়সা কলরেটের প্রস্তাব অর্থ মন্ত্রণালয়ে আছে। ওখান থেকে এলে আমি দেখবো কী করা যায়।’ এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘টেলিটকের এই প্রক্রিয়ার বাইরে থাকার কোনও কারণ দেখি না। চলে আসবে। আর বিটিসিএল-এর সঙ্গে আমার আলাপ হয়েছে। তারা এই প্রক্রিয়ায় যুক্ত হতে অসহযোগিতার কথা বলেনি।’ অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘কলরেট ৪০ পয়সা হচ্ছে নাকি ঊর্ধ্বসীমা বা নিম্নসীমা থাকবে তা অর্থ মন্ত্রণালয় জানাবে। দেখতে হবে অর্থ মন্ত্রণালয় বিষয়টি কীভাবে দেখে।’
জানা যায়, আইজিডাব্লিউ (ইন্টারন্যাশনাল গেটওয়ে) ও আইসিএক্স (ইন্টারকানেকশন এক্সচেঞ্জ) বিষয়ে কিছু জটিলতা এখনও কাটেনি। বিদেশ থেকে কল এলে কারা ‘রাউট’ করবে এ সিদ্ধান্ত এখনও চূড়ান্ত নয়। সংশ্লিষ্ট সূত্র জানায়, এমএনপি সেবা চালু করতে হলে আইসিএক্সকে কারিগরিভাবে আরও উন্নত হতে হবে। কিন্তু আইসিএক্সগুলো সাফ জানিয়ে দিয়েছে তারা টেকনিক্যাল ডেভেলপমেন্টের কাজ করবে না। তারা চায় মোবাইলফোন অপারেটরগুলো এটা আপডেট করবে।
মোস্তাফা জব্বারের কাছে এই বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘আইজিডব্লিউ ও আইসিএক্স নয়। আমরা চাই মোবাইলফোন অপারেটরগুলো এই উদ্যোগটা নিক। মোবাইলফোন অপারেটরগুলো দেশের বাইরে থেকে কল এলে সংশ্লিষ্ট নম্বরে রাউট করে দেবে।’
এসএ

