আগামী ২০১৮-১৯ অর্থবছরে বাজেটের আকার হবে ৪ লাখ ৬৮ হাজার কোটি টাকার মধ্যে বলে মনে করছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
সোমবার (২৯ জানুয়ারি) সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় ‘জাতীয় বাজেট ২০১৮-২০১৯ দরিদ্র জনগোষ্ঠীর প্রত্যাশা ও সামাজিক নিরাপত্তাজাল কর্মসূচী’ শীর্ষক এক প্রাক বাজেট আলোচনা সভায় তিনি একথা জানান।
মন্ত্রী বলেন, আগামী বাজেটে মানবসম্পদ উন্নয়ন অগ্রাধিকার খাত হিসেবে থাকবে। এর মধ্যে স্বাস্থ্য শিক্ষা স্যানিটেশন ও হাউজকে রাখা হয়েছে। আগামী অর্থবছরের বাজেট হবে সর্বোচ্চ ৪ লাখ ৬৮ হাজার কোটি টাকা। এর বাইরে যাবে না। তবে কমও হতে পারে।
তিনি আরো বলেন, আমাদের শক্ত পয়েন্ট হলো সামাজিক নিরাপত্তা খাত। এ খাতে প্রতিবছরই আমরা বেশি বরাদ্দ রাখি। চলতি অর্থবছরে এটি ছিলো ২১ হাজার ৫০০ কোটি টাকা।
চলতি ২০১৭-১৮ অর্থবছরের জাতীয় বাজেটের আকার ৪ লাখ ২৬৬ কোটি টাকা। এর মধ্যে বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) ধরা হয়েছে ১ লাখ ৫৩ হাজার কোটি টাকা। বাজেটে ঘাটতি ধরা হয়েছে ১ লাখ ১২ হাজার কোটি টাকা।
স/গচ

