হোসেনপুর উপজেলার জিনারি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান তাহেরউদ্দিনকে হত্যার দায়ে চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
হত্যাকাণ্ডের প্রায় ১৭ বছর পর রবিবার বিকালে কিশোরগঞ্জের প্রথম আদালতের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. আব্দুর রহমান এই রায় ঘোষণা করেন।
দণ্ডিতরা হলেন কুদ্দুস, আ. রশিদ, আসাদ মিয়া ও হাশিমউদ্দিন। এর মধ্যে আসাদ মিয়া ও হাশিমউদ্দিন পলাতক রয়েছে। এ ছাড়া দণ্ডিতদের ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ২ বছর সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। সাক্ষ্য-প্রমাণের অভাবে অভিযুক্ত অপর ১৯ জনকে বেকসুর খালাস দেয়া হয়েছে।
মামলার বিবরণে প্রকাশ, ২০০০ সালের ১২ নভেম্বর সন্ধ্যা সাড়ে ৭টায় হোসেনপুর উপজেলার জিনারি গ্রামের তাহের উদ্দিনকে পূর্ব শত্রুতার জেরে হাজীপুর বাজার সংলগ্ন সড়কে আসামিরা মারধর করেন। গুরুতর অবস্থায় তাকে হোসেনপুর হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে তাহের উদ্দিনের ছেলে সালাহউদ্দিন বাদী হয়ে হোসেনপুর থানায় মামলা করেন।পরে পুলিশ তদন্ত শেষে মোট ২৩ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে।
স/জনী

